প্রেস বিজ্ঞপ্তি: সরকারের নির্দেশনা মোতাবেক ইলিশ প্রজনন মৌসুমে চলতি মাসের ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে সমুদ্র ও উপকূলীয় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী। এ উপলক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর ১০টি জাহাজ (বানৌজা আলী হায়দার, নির্মূল, সাগর, তিস্তা, ধানসিুড়ি, বরকত, কুশিয়ারা, তিতাস, এলসিটি-১০৫ ও এলসিভিপি-০১৩) “মা ইলিশ রক্ষা অভিযান-২০২২’ এর অংশ হিসেবে “ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় অভিযান পরিচালনা করছে।
উক্ত অভিযানে এ পর্যন্ত (০৭-১৬ অক্টোবর ) আনুমানিক ৫২ কোটি ৫৬ লাখ ৬৮ হাজার টাকা মূল্যের ৮৭ লাখ ২৯ হাজার মিটার অবৈধ জাল ও ১৪২৭ কেজি ইলিশ মাছ আটক করেছে। আটককৃত এসব অবৈধ জালসমূহ স্থানীয় প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে এবং জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়।
উল্লেখ্য, গত ০৭ অক্টোবর হতে শুরু হওয়া এ অভিযান আগামী ২৮ অক্টোবর পর্যন্ত চলবে। অভিযান পরিচালনাকালে নৌ সদস্যরা প্রজনন মৌসুমে ইলিশ ধরা নিষিদ্ধ সংক্রান্ত সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়ন ও গণসচেতনতা সৃষ্টিতে স্থানীয় প্রশাসনকে সর্বাত্মক সহায়তা প্রদান করে। এ অভিযান পরিচালনার ফলে দেশের নদ-নদীতে জাতীয় সম্পদ ইলিশের সংরক্ষণ ও প্রাচুর্য্য বৃদ্ধি পাবে বলে আশা করা যায়।




