প্রেস বিজ্ঞপ্তি: দৈনিক আজাদী’র প্রতিষ্ঠাতা সম্পাদক ও চট্টগ্রামের বাঙালি মুসলমানদের নবজাগরণের অগ্রদূত আলহাজ্ব মুহাম্মদ আবদুল খালেক ইঞ্জিনিয়ার সাহেবের ৬০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার (১৪ অক্টোবর) বিকাল ৪ টায় চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে “মোহাম্মদ আবদুল খালেক ইঞ্জিনিয়ার, দৈনিক আজাদী এবং গণতন্ত্র” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্বাধীন সংবাদপত্র পাঠক সমিতির কেন্দ্রীয় সভাপতি সাংবাদিক এস.এম. জামাল উদ্দিন।
সভাপতির বক্তব্যে সাংবাদিক এস.এম. জামাল উদ্দিন বলেন, স্বৈরাচারী শাসনের কবল থেকে জাতিকে রক্ষা করে গণতন্ত্রকে সুদৃঢ় মজবুত ভিত্তির উপর দাঁড় করাতে চট্টগ্রামের দৈনিক আজাদী পত্রিকার ভূমিকা ও গুরুত্ব অপরিসীম। ব্যক্তি জীবনে অত্যন্ত সৎ ও ধর্মপ্রাণ মোহাম্মদ আবদুল খালেক ইঞ্জিনিয়ারকে কোন প্রকার সংকীর্ণতা ও একদেশদর্শিতা কোনদিন স্পর্শ করতে পারেনি।
তিনি বলেন, সংবাদপত্র জনগণের মুখপত্র, সাংবাদিকরা জাতির জাগ্রত বিবেক এবং পাঠকরাই হচ্ছেন সংবাদপত্রের প্রাণশক্তি। ৬০ তম মৃত্যুবার্ষিকীর পালনের এ দিনে মহান আল্লাহর নিকট প্রার্থনা করছি, মহান আল্লাহ যেন মোহাম্মদ আবদুল খালেক ইঞ্জিনিয়ারকে জান্নাতুল ফেরদাউস নসীব করেন। আমীন। পরিশেষে মোহাম্মদ আবদুল খালেক ইঞ্জিনিয়ারের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়।
চট্টগ্রাম ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট আইইবি সেক্রেটারি ইঞ্জিনিয়ার এস.এম. শহীদুল আলম বলেন, দেশে আজ গণতান্ত্রিক শাসন বিদ্যমান। পরমত সহিষ্ণুতা ও মত প্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের পূর্বশর্ত। মরহুম মোহাম্মদ আবদুল খালেক ইঞ্জিনিয়ার প্রতিষ্ঠিত দৈনিক আজাদী বহুল প্রচারিত এবং জনগণ কর্তৃক স্বীকৃত স্বাধীন গণতান্ত্রিক চেতনার এক অনন্য ইনস্টিটিউশন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বাধীন সংবাদপত্র পাঠক সমিতির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোহাম্মদ নাজিম উদ্দিন।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট আইইবি সেক্রেটারি ইঞ্জিনিয়ার এস.এম. শহীদুল আলম, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিচালনা কমিটির ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরী, দৈনিক নয়াবাংলা সম্পাদক জেড.এম. এনায়েত উল্লাহ হিরু, চাকতাই-খাতুনগঞ্জ আড়তদার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মহিউদ্দিন, বিশিষ্ট আয়কর আইনজীবী মোঃ আমির হোসেন, সাংবাদিক আবুল বাশার, দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ সাইফুল ইসলাম।
ইঞ্জিনিয়ার আবদুল খালেক এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য রাখেন মাওলানা নিজাম উদ্দিন আশরাফী, পারশেদ বিন আনোয়ার, কবি সজল দাশ, মোঃ ইউনুস খোন্দকার, রাজনীতিক নাছির উদ্দিন ছিদ্দিকী, শেখ আবদুল্লাহ, সাংবাদিক কে.এম. ইউসুফ প্রমুখ।
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিচালনা কমিটির ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরী বলেন, চট্টগ্রামের সংবাদপত্র শিল্প, মুদ্রণ ও প্রকাশনা জগতে মোহাম্মদ আবদুল খালেক ইঞ্জিনিয়ারের অবদান ঐতিহাসিক। তাঁর অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি আজ আমাদের গৌরবময় ঐতিহ্যে পরিণত হয়েছেন। মোহাম্মদ আবদুল খালেক ইঞ্জিনিয়ার আমাদের জাতীয় ইতিহাস ও ঐতিহ্যের এক ভাস্বর মিনার।
Post Views: 434




