নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরীতে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গবাদি পশুরহাট, ঈদ জামাত, চামড়া ক্রয়-বিক্রয় ও পরিবহন, জালনোটের ব্যবহার রোধ এবং সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় আজ বৃহস্পতিবার ০৭ জুলাই সকালে দামপাড়ায় চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।
তিনি জানান, ঈদের জামাত আদায়ে নগরীর জামিয়াতুল ফালাহ মসজিদ, আন্দরকিল্লা শাহী জামে মসজিদসহ বড় ঈদ জামাতে সাদা পোশাকে ডিবিসহ পুলিশ সদস্যরা নিরাপত্তা দেবে।
সিএমপি কমিশনার জানান, ঈদে নগরীর নিরাপত্তা ব্যবস্থায় আমরা ৫ স্তরের নিরাপত্তা হাতে নিয়েছি। আমাদের সকল থানাকে এসব বিষয়ে অবহিত করা হয়েছে। ঈদে নগরীতে ৮টি পশুরহাট বসেছে। কোরবানি পশুর হাটে থানার নিয়মিত মোবাইল টিম, অস্থায়ী পুলিশ ক্যাম্প ও কন্ট্রোল রুম, জাল নোট সনাক্তকরণ বুথ, সাদা পোশাকে পুলিশি ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও বিশেষ মোবাইল টিম (ডিবি), বোম্ব ডিসপোজাল টীম, সুইপিং টিম, স্ট্রাইকিং টিম, কুইক রেসপন্স টিম, র্যাব, ক্রাইম সিন ভ্যান, ফায়ার সার্ভিসও দায়িত্ব পালন করবে।
পশুর হাটে বিশেষ নিরাপত্তা নেওয়া হয়েছে উল্লেখ করে সালেহ মোহাম্মদ তানভীর বলেন, পশুর হাটের নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। পশুবাহী ট্রাক হাটে প্রবেশ না করতে, অনুমোদন ছাড়া অন্য কোথাও যেন হাট বসাতে না পারে, কোথাও যেন কেউ অবৈধ খুঁটির ব্যবসা করতে না পারে, পশুর খালি ট্রাকে যাত্রী পরিবহন না করতে পারে সেজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। হাটে নগদ অর্থ লেনদেনে থাকবে পুলিশের এস্কর্ট ব্যবস্থা। একইসঙ্গে চামড়া ক্রয়-বিক্রয় ও পরিবহন, জাল নোটের ব্যবহার রোধ, আবাসিক এলাকার নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।
যাত্রীদের নিরাপত্তায় বাস স্ট্যান্ড, রেলওয়ে স্টেশন, স্টিমার ঘাট, মার্কেট এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। চট্টগ্রাম ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাসসহ পরিবহনের নিরাপত্তায় নগরীর অলংকার বাসস্ট্যান্ড, নতুন রেলওয়ে স্টেশন, বহদ্দারহাট বাস টার্মিনাল, একে খান মোড়, কর্ণফুলী ব্রিজ গোলচত্বর এলাকায়ও পুলিশ মোতায়েন থাকবে কলে পুলিশ কমিশনার জানান।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মো. শামসুল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) সানা শামীনুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।




