দেশি মাছের প্রাকৃতিক উৎপাদন বৃদ্ধি এবং প্রজনন ক্ষেত্রগুলো সংরক্ষণের লক্ষ্যে সরকার একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, জলবায়ু পরিবর্তন ও মানুষের অসচেতনতার কারণে হুমকির মুখে পড়া এসব প্রজনন ক্ষেত্র রক্ষায় চলতি বছর থেকেই বড় আকারের বাজেট নিয়ে কাজ শুরু হচ্ছে। বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে (বিএআরসি) বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) আয়োজিত ‘বার্ষিক গবেষণা অগ্রগতি পর্যালোচনা (২০২৫-২৬) ও পরিকল্পনা প্রণয়ন (২০২৬-২৭)’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, অতীতে সফল গবেষণার ফলেই বাংলাদেশ আজ মাছে স্বয়ংসম্পূর্ণ এবং চাষের মাছের উৎপাদন ও মান ব্যবস্থাপনায় ব্যাপক উন্নতি হয়েছে। তবে বর্তমান সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি নির্দেশনায় সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। গবেষক ও বিজ্ঞানীদের উদ্দেশে তিনি দেশি মাছের জাত উন্নয়ন, হারিয়ে যাওয়া প্রজাতি পুনরুদ্ধার, মাছের রোগ প্রতিরোধ এবং মানসম্মত পোনা উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি উপকূলীয় ও সামুদ্রিক মৎস্যসম্পদের সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
খাদ্য নিরাপত্তার বিষয়ে মন্ত্রী বলেন, মানবদেহের জন্য ঝুঁকিপূর্ণ ও ক্ষতিকর উপাদানযুক্ত খাদ্য ব্যবহার থেকে বিরত থাকতে হবে এবং নিরাপদ মাছ উৎপাদন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এছাড়া ক্ষতিকর জাল ব্যবহার বন্ধে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর ওপরও তিনি জোর দেন। মাছ রপ্তানির বিষয়ে তিনি স্পষ্ট করেন যে, বিদেশে পর্যাপ্ত মাছ রপ্তানির লক্ষ্য থাকলেও গুণগত মানের সঙ্গে কোনো আপস করা হবে না।
কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। বিএফআরআইয়ের মহাপরিচালক ড. মো. লতিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মো. মীর হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান এবং বিএআরসির নির্বাহী চেয়ারম্যান ড. মো. আবদুছ ছালাম বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন বিএফআরআইয়ের পরিচালক ড. মো. আমিরুল ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিজ্ঞানী, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা ও জেলে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




