সরকারের কার্যক্রম মূল্যায়নের জন্য প্রয়োজনীয় সময় না দিয়ে বিরোধী দলগুলো কেবল বিরোধিতার খাতিরেই বিরোধিতা করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. কাজী মনিরুজ্জামান মনির। শুক্রবার রাজধানী ঢাকার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘দেশ গঠনে সরকার ও বিরোধী দলের ভূমিকা’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক জিয়া প্রজন্ম দল।
বক্তব্যে সরকারি ব্যয় সংকোচনের উদাহরণ তুলে ধরে কাজী মনিরুজ্জামান বলেন, বিগত সময়ে গণভবনে প্রতিবছর শুধু খাবারের পেছনেই ৩৫ কোটি টাকা ব্যয় করা হতো। সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের দৈনিক খাবারের খরচ মাত্র ১০০ টাকার মধ্যে সীমিত রাখার নির্দেশনা দিয়েছেন। এর ফলে এই খাতে বাৎসরিক খরচ ৩৫ লাখ টাকারও নিচে নেমে আসবে। এছাড়া ‘দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ’—তারেক রহমানের এই বক্তব্যের মাধ্যমে দেশীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
বিদ্যুৎ সংকট প্রসঙ্গে কথা বলতে গিয়ে তাঁতী দলের এই নেতা জানান, শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন তৈরি হওয়ায় বিদ্যুৎ সরবরাহে কিছুটা সংকট দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে জাতীয় স্বার্থে বিদ্যুতের অপচয় রোধের আহ্বান জানিয়ে তিনি দিনের বেলায় সরকারি অফিসের জানালা থেকে পর্দা সরিয়ে প্রাকৃতিক আলো ব্যবহারের ওপর গুরুত্ব দেন।
বর্তমান সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির বিস্তারিত তুলে ধরে কাজী মনিরুজ্জামান বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসের শুরুতেই নিয়মিত আর্থিক সহায়তা পাঠানো হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষের কল্যাণে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের মতো বিভিন্ন জনকল্যাণমুখী পদক্ষেপ কার্যকর রয়েছে।
আইনশৃঙ্খলা ও দলীয় শৃঙ্খলার বিষয়ে তিনি জানান, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে বিএনপির নেতাকর্মীদের নামে প্রায় ৬৫ লাখ মামলা দেওয়া হয়েছিল। তবে বর্তমান সরকারের মেয়াদে কোনো নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি বা অন্য কোনো অপরাধের অভিযোগ উঠলে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হচ্ছে না; তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়ায় নেওয়া হচ্ছে।
দলীয় সাংগঠনিক বিষয় তুলে ধরে ড. কাজী মনিরুজ্জামান বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কাছ থেকে অনুমোদন নিয়ে সংগঠন পরিচালনা করলে নেতাকর্মীদের মনোবল ও শক্তি বহুগুণ বৃদ্ধি পাবে। এ উদ্দেশ্যে দলের চেয়ারম্যান তারেক রহমানের কাছে আবেদনের পাশাপাশি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর কাছে চিঠি পৌঁছানোর পরামর্শ দেন তিনি। একই সঙ্গে ধর্মীয় পরিচয় ও দুর্গাপূজা নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি না করে দেশের সার্বিক উন্নয়ন ও জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।
বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মেহেদী হাসান মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য দেন সংগঠনের নেতা মো. আকরাম হোসেন মিনহাল, এইচ এম ইমরান হোসেন এবং মো. খোরশেদ মাদবরসহ অনেকে।




