চট্টগ্রামে গতকাল নতুন করে আরও ৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর গতকাল পর্যন্ত ৩২৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। অন্যদিকে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১ জনের। এদিকে ডেঙ্গু প্রকোপ বাড়ার কারণে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ১৬ নম্বর মেডিসিন ওয়ার্ডে ৫০ বেডের ডেঙ্গু ব্লক প্রস্তুত করা হয়েছে। আজ দুপুরে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডেঙ্গু ব্লক উদ্বোধন করবেন বলে জানিয়েছে চমেক হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে গতকাল চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সর্বশেষ ২৪ ঘণ্টায় ৭ জন ডেঙ্গু আক্রান্তের মধ্যে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৪ জন, চট্টগ্রাম সিএমএইচ হাসপাতালে ১ জন এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২ জন। চলতি বছর মোট আক্রান্ত রোগীর মধ্যে ১৭৭ জন পুরুষ, ৮৭ জন নারী এবং ৬০ জন শিশু রয়েছে।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন বলেন, হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডে ৫০ শয্যার পৃথক ডেঙ্গু ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে। চমেক হাসপাতালের নিচ তলায় আগে থেকে ডেঙ্গু ব্লক ছিল। সম্প্রতি হামের প্রকোপ বাড়ার কারণে আমরা সেটিকে হাম ব্লক করে দিয়েছি। তাই এখন নতুন করে ডেঙ্গু ব্লক করা হচ্ছে।
উল্লেখ্য, গত বছর ২০২৫ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮৬৪ জন এবং মারা যান ২৭ জন। এছাড়া ২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩২৩ জন এবং মারা যায় ৪৫ জন। ২০২৩ সালে আক্রান্ত হয়েছিল ১৪ হাজার ৮৭ জন। এরমধ্যে মারা যায় ১০৭ জন এবং ২০২২ সালে মোট আক্রান্ত ৫ হাজার ৪৪৫ জনের মধ্যে মারা যায় ৪১ জন।




