দি ক্রাইম ডেস্ক: মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়ন এলাকায় পলিথিনে মোড়ানো অবস্থায় এক নবজাতক কন্যাশিশু পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সোমবার (১৬ জুন) সকালে উপজেলার উত্তর সোনাপাহাড় এলাকার ভোলা সওদাগর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল প্রায় ১০টার দিকে ওই এলাকার একটি বাড়ির প্রধান দরজার সামনে একটি পলিথিন ব্যাগ পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। পরে ব্যাগটি নড়াচড়া করতে দেখে এবং ভেতর থেকে কান্নার শব্দ শুনে তারা এগিয়ে যান। এরপর পলিথিন খুলে সদ্য জন্ম নেওয়া এক কন্যাশিশুকে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। শিশুটির নাড়িও তখনো কাঁচা অবস্থায় ছিল বলে জানা গেছে।
ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে বারইয়ারহাট পৌরসভার শেফা ইনসান হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানে শিশুটির চিকিৎসা চলছে।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এস. এ ফারুক বলেন, সকাল ১১টার দিকে স্থানীয়রা শিশুটিকে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসার পর এখন তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
এ বিষয়ে সোমাইয়া আক্তার বলেন, বিষয়টি সম্পর্কে আমি এখনো অবগত নই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কে বা কারা নবজাতক শিশুটিকে এভাবে ফেলে গেছে তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও আলোচনা চলছে।




