আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারায় পাঁচতলা ভবনের বারান্দা থেকে পড়ে মোহাম্মদ আবির (৩) নামে এক শিশু মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার বারশত ইউনিয়নের পশ্চিমচাল কবিরের দোকান এলাকার গুলবাহার বিল্ডিংয়ে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত আবির উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা বার আউলিয়া ইসমাইল মিয়াজী বাড়ির মোহাম্মদ দিলোয়ারের ছেলে। জীবিকার প্রয়োজনে পরিবারের সদস্যদের নিয়ে তিনি ওই ভবনের একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন।
স্থানীয় ইউপি সদস্য ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঘটনার সময় আবিরের মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সবার অগোচরে শিশুটি ঘরের বারান্দায় চলে যায়। বারান্দা থেকে শিশু এক পর্যায়ে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বারান্দায় লোহার গ্রিল না থাকায় এই দুর্ঘটনা ঘটছে বলে স্থানীয়রা মনে করছেন।
এদিকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাহতাবউদ্দিন চৌধুরী বলেন, ‘ভবন থেকে পড়ে গুরুতর আহত অবস্থায় একটি শিশুকে হাসপাতালে আনলে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।




