
নিজস্ব প্রতিবেদক: ফটিকছড়ি উপজেলার নাজিরহাটে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাবেক ফুটবলার মহিন উদ্দিন প্রকাশ মহিন বাবু (৫৫) নিহত হয়েছেন। তিনি নাজিরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দায় মিয়াজির নিবাসী মৃত ইসহাকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় নাজিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। দ্রুতগতির পিকআপ তাকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে নাজিরহাট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন জানান, প্রাথমিকভাবে জানা গেছে, নিহতের বড় ভাইয়ের এক ভাড়াটিয়া বাসা ছেড়ে যাওয়ার সময় বিদ্যুৎ বিল নিয়ে মহিন বাবুর সঙ্গে কথা কাটাকাটি হয়।
পরে মালামাল নিয়ে ভাড়াটিয়া চলে যাওয়ার সময় পিকআপের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মহিন বাবু একসময় ফটিকছড়ি ও নাজিরহাট এলাকার একজন দক্ষ গোলরক্ষক হিসেবে ব্যাপক পরিচিত ছিলেন। মাঠে তার নৈপুণ্য ও খেলোয়াড়সুলভ আচরণের কারণে তিনি ক্রীড়াপ্রেমীদের কাছে বেশ জনপ্রিয় ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
