দি ক্রাইম ডেস্ক: কক্সবাজারের চকরিয়ায় আইনজীবী সমিতির সভাপতির বাড়িতে জানালার গ্রিল কেটে প্রবেশ করে ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রের মুখে জিম্মি করে ও ধর্ষণের ভয় দেখিয়ে স্বর্ণালংকার, নগদ অর্থ ও মোবাইল ফোন লুটের অভিযোগ উঠেছে।
বুধবার (৩ জুন) ভোররাত ৪টার দিকে চকরিয়া পৌরসভার ভরামুহুরী উকিলপাড়ায় অ্যাডভোকেট হাবিব উদ্দিন মিন্টুর বাড়িতে এ ঘটনা ঘটে।
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, ডাকাতরা জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে অন্তঃসত্ত্বা পুত্রবধূকে অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় তারা ১০ বছর বয়সী নাতনি ও এক যুবতী গৃহকর্মীকে ভয়ভীতি প্রদর্শন করে। পরে আলমারি খুলে প্রায় চার ভরি স্বর্ণালংকার, নগদ দুই লাখ টাকা এবং তিনটি মোবাইল ফোন নিয়ে যায়।
অ্যাডভোকেট মিন্টুর স্ত্রী ছৈয়দা দিলসাত খানম (৫৮) জানান, ঘটনার সময় তাঁর স্বামীসহ দুই সন্তান বাড়ির বাইরে ছিলেন। এই সুযোগে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে লুটপাট চালায়।
খবর পেয়ে চকরিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে চকরিয়া আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট লুৎফুল কবির বলেন, সাম্প্রতিক সময়ে আইনজীবীদের ওপর হামলার ঘটনার পর এই ডাকাতির ঘটনা উদ্বেগজনক। তিনি আইনজীবী ও সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাশ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে।




