*ছুরি দিয়ে আঙুলের নক বিচ্ছিন্ন ও নারীর চোখ তুলে ফেলার অভিযোগ
সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া : সাতকানিয়ায় হাতের আঙুল থেকে ছুরি দিয়ে নক বিচ্ছিন্ন ও নারীর চোখ তুলে ফেলাসহ একাধিক অভিযোগে অভিযুক্ত ও এলাকায় উশৃংখল ব্যক্তি হিসেবে পরিচিত ও ৯ মামলার এজাহারনামীয় আসামি মোস্তাফিজুর রহমান প্রকাশ মাস্টারকে (৪৮) গ্রেপ্তার করেছেন থানা পুলিশ। আজ বুধবার (০৩ জুন) সকালে উপজেলার পুরানগড় ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ডের ফকিরখীল গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোস্তাফিজুর রহমান প্রকাশ মাস্টার উল্লিখিত এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে সাতকানিয়া ও লোহাগাড়া থানায় মাদকসহ বিভিন্ন আইনে সর্বমোট ৯টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছেন। তিনি একসময় লোহাগড়া উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকতা করতেন। সেই থেকে স্থানীয়দের কাছে তিনি মাস্টার হিসেবে পরিচিত।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০টার দিকে তাকে গ্রেপ্তারের লক্ষ্যে সাতকানিয়া থানার উপ পরিদর্শক (এসআই) মোহাম্মদ জহির আমিনের নেতৃত্বে পুলিশের একটি টিম ফকিরখীল গ্রামে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতির টের পেয়ে তিনি একটি পুকুরে ঝাপ দেন। পরে পুলিশ তাকে পুকুর থেকে তুলে গ্রেপ্তার দেখিয়ে থানায় নিয়ে আসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২৬ মে গ্রেপ্তার মোস্তাফিজুর রহমান প্রকাশ মাস্টার ফকিরখীল গ্রামের একটি দোকানের সামনে স্থানীয় স্বপন দাশকে (৭০) কথা কাটাকাটির একপর্যায়ে ছুরিকাঘাত করেন। এতে তার বাম হাতের একটি আঙুলের নখ বিচ্ছিন্ন হয়ে যায়। এর আগে তিনি এক নারীকে নির্যাতন করে চোখ তুলে ফেলেন। এ ছাড়াও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় এক স্বতন্ত্র প্রার্থীর প্রচারকর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার সঙ্গে কারো মতবিরোধ হলেই তাকে বেধড়ক মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ দীর্ঘদিনের।
আরও জানা যায়, ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে ফকিরখীল এলাকায় তিনি একটি ব্যানার টাঙিয়েছেন। সেখানে তিনি নিজেকে পুরানগড় ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে উল্লেখ করেছেন। কোনো ব্যক্তি যদি ওই ব্যানার নিয়ে মন্তব্য করেন তাকেও মারতে তেড়ে যান বলে জানা গেছে।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, তার বিরুদ্ধে আঙুল থেকে ছুরি দিয়ে নক বিচ্ছিন্ন ও এক মহিলার চোখ তুলে ফেলাসহ সর্বমোট ৯টি মামলা রয়েছে। তারমধ্যে ২টি মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। এছাড়াও তার বিরুদ্ধে এলাকায় বিশৃংখলার অভিযোগ রয়েছে। তাকে বুধবার (৩জুন) দুপুর দুইটার দিকে আদালতে সোপর্দ করা হয়েছে।




