বিজন কুমার বিশ্বাস,কক্সবাজার: কক্সবাজারের পেকুয়া পৌরসভার প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-কে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ৪২ ধারার (১) উপ-ধারায় প্রদত্ত ক্ষমতাবলে কক্সবাজার জেলার পেকুয়া পৌরসভার প্রশাসক হিসেবে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নিয়োগ করা হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এবং সংশ্লিষ্ট বিধি-বিধান অনুযায়ী প্রশাসক পেকুয়া পৌরসভার সার্বিক কার্যক্রম পরিচালনা করবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।
স্থানীয় সরকার বিভাগের উপসচিব আশিকুল নাহার ২৪ মে ২০২৬ স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা হয়েছে।
সরকারের এ সিদ্ধান্তের ফলে পেকুয়া পৌরসভার প্রশাসনিক কার্যক্রমে নতুন অধ্যায়ের সূচনা হলো। স্থানীয় নাগরিকরা আশা করছেন, প্রশাসকের নেতৃত্বে পৌরসভার উন্নয়নমূলক কার্যক্রম, নাগরিক সেবা ও চলমান প্রকল্পসমূহ আরও গতিশীল হবে এবং সুশাসন নিশ্চিত হবে।




