বিজন কুমার বিশ্বাস, কক্সবাজার: কক্সবাজারের চকরিয়া উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও একটি সিএনজি চালিত অটোরিকশাসহ সংঘবদ্ধ ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে উদ্ধার করা হয়েছে ডাকাতির কাজে ব্যবহৃত ধারালো অস্ত্র ও সরঞ্জামাদি। সোমবার (২৫ মে) রাত সাড়ে ৭টার দিকে চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের হালকাকারা এলাকার চকরিয়া-বেতুয়া বাজার সড়কের আমান্যার চর ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-আইয়ুব আলী (৪২), ইব্রাহিম সোহেল (২৭), আবু হানিফ (২৯), সাইফুল ইসলাম (২০) ও নাজিম উদ্দিন (৪৮)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় জানতে পারে যে, একদল ডাকাত আমান্যার চর ব্রিজ এলাকায় ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। পরে কক্সবাজারের পুলিশ সুপারের নির্দেশনায় ও চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপারের তত্ত্বাবধানে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল সেখানে অভিযান পরিচালনা করে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে একটি সিএনজি অটোরিকশাসহ পাঁচজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি কোড়াবাড়ি, একটি লোহার খন্তি, একটি ধারালো ছোরা ও একটি ধারালো দা।
চকরিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা সংঘবদ্ধভাবে ডাকাতির উদ্দেশ্যে সেখানে জড়ো হওয়ার কথা স্বীকার করেছে। তারা দীর্ঘদিন ধরে ওই সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনের যাত্রীদের টার্গেট করে ডাকাতি চালিয়ে আসছিল বলেও জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় চকরিয়া থানা-এ মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-৫৩, তারিখ: ২৬/০৫/২০২৬)।
চকরিয়া থানার ওসি মোঃ মনির হোসেন বলেন, “চকরিয়া থানা এলাকায় ডাকাতি ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। জনগণের জানমাল রক্ষায় কক্সবাজার জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।




