দি ক্রাইম ডেস্ক: আনোয়ারা উপজেলায় প্রেমিকার অন্যত্র বিয়ে হওয়ায় সেই বিয়ের আসরে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন এক যুবক। শুক্রবার (২২ মে) বিকেলে উপজেলার বারখাইন ইউনিয়নের সৈয়দকুচিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
বিষপান করা ওই যুবকের নাম মোহাম্মদ সাহাব উদ্দিন। তিনি উপজেলার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামের মো. ইয়াছিনের ছেলে।
জানা যায়, উপজেলার একটি কলেজে অধ্যয়নকালে বারখাইন ইউনিয়নের সৈয়দকুচিয়া গ্রামের এক মেয়ের সঙ্গে সাহাব উদ্দিনের পরিচয় হয়। পরে তাদের মধ্যে চার বছর ধরে প্রেমের সম্পর্ক চলে। গত সপ্তাহে হঠাৎ করে মেয়েটির পরিবার অন্যত্র বিয়ে ঠিক করলে বিষয়টি সাহাব উদ্দিন দুই পরিবারকে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হন।
শুক্রবার মেয়েটির বিয়ের আসরে সাহাব উদ্দিন সবার সামনে উপস্থিত হয়ে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় মেয়েটির স্বজনরা সাহাব উদ্দিনকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে স্বজনরা পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
এ বিষয়ে তার বড় ভাই নঈম উদ্দিন জানান, ‘আমার ভাইয়ের সঙ্গে ওই মেয়ের সম্পর্কের কথা জানার পর মেয়ের ভাইকে আমি বিয়ের প্রস্তাব দিয়েছি, কিন্তু তারা সে প্রস্তাব প্রত্যাখ্যান করে। তারা অন্য ছেলের সঙ্গে বিয়ে ঠিক করে। শুক্রবার বিকেলে ৩টার দিকে আমরা জানতে পারলাম বিয়ের আসরে আমার ভাইকে মারধর করে হাসপাতালে নিয়ে গেছে। আমরা হাসপাতালে গিয়ে দেখি তার মুখে বিষের গন্ধ। আমরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসক জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী জানান, ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগেই স্থানীয়রা সাহাব উদ্দিন নামের একজনকে উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে তার স্বজনরা এসে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে যায়।




