দি ক্রাইম ডেস্ক: নারায়ণগঞ্জের আড়াইহাজারে পারিবারিক দ্বন্দ্বের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে তিন ভাই আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হলে সেই খবর শুনে তাদের বৃদ্ধ বাবা মারা গেছেন।
রোববার (২৯ মার্চ) দুপুরে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজিরটেক গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, খোকন মিয়া ও তার চাচাতো ভাই সানাউল্লাহর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
এরই ধারাবাহিকতায় দুপুর দেড়টার দিকে উভয় পরিবারের সদস্যরা লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে আছমত আলীর তিন ছেলে—খোকন (৩৮), রুবেল (৩০) ও হৃদয় (১৬)—গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।
সন্ধ্যায় তিন ছেলের আহত হওয়ার খবর পেয়ে আছমত আলী অসুস্থ হয়ে পড়েন এবং রাতের দিকে নিজ বাড়িতেই মারা যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, পারিবারিক বিরোধের জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।




