দি ক্রাইম ডেস্ক: কক্সবাজারের উখিয়ার সীমান্তবর্তী পালংখালী ইউনিয়নের থাইংখালী এলাকায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ তিনজনকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন—উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী গ্রামের আজিজুল হকের ছেলে নুরুল আমিন (৩২), রহমতের বিল গ্রামের আহমেদের ছেলে জানে আলম (৩৫) এবং কক্সবাজার সদর পৌরসভার শফিক আহমদের ছেলে সোহেল রানা (২৬)।
অভিযানকালে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি একনালা বন্দুক, একটি ওয়ান শুটার, একটি হ্যামার, দুটি চাপাতি, দুটি ওয়াকিটকি সেট, চারটি পিস্তলের গুলি, ৬৯টি একে-২১-এর গুলি, তিনটি কার্তুজ এবং ১৩টি রাইফেলের গুলি জব্দ করা হয়।
বুধবার ভোর ৬টার দিকে পালংখালী ইউনিয়নের বালুখালী রহমতের বিল এলাকায় এ অভিযান পরিচালিত হয়। পরে আটক ব্যক্তিদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




