সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া: সাতকানিয়া ভ্রাম্যমান আদালত পৃথক অভিযান চালিয়ে ড্রাম্প ট্রাক চালক ও লাইসেন্সবিহীন লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বিক্রির অপরাধে দুই ম্যানেজারসহ ৩ মামলায় তিন আসামির কাছ থেকে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার কেরানিহাট-বান্দরবান সড়ক, ছদাহা ইউনিয়ন ও সাতকানিয়া পৌরসভা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরাফাত সিদ্দিকী এ অভিযানগুলোতে নেতৃত্ব দেন।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরাফাত সিদ্দিকী আজ (বৃহস্পতিবার) বিকেলে ভ্রাম্যমান আদালত বসিয়ে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের অন্তর্গত কেরানীহাট-বান্দরবান সড়কে কৃষি জমি থেকে কাটা টপ সয়েল পরিবহনের সময় নাম্বার বিহীন একটি ডাম্প ট্রাক আটক করা হয়। পরে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী ট্রাকের চালক আমিনুল হক বাপ্পি (৩১) এর কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
একইদিন বিকেলে উপজেলার ছদাহা ইউনিয়নের ঠাকুর দিঘির পাড় এলাকার ফজল করিম ফিলিং স্টেশন এবং সাতকানিয়া পৌরসভার চরপাড়া এলাকায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের লাইসেন্স বিহীন এলপিজি বিক্রির সময় বাংলাদেশ গ্যাস আইন ২০১০ অনুযায়ী ঠাকুরদিঘী এলাকার গ্যাস পাম্পের ম্যানেজার আকাশ কুমার পাল (৩৬) কে ২০ হাজার টাকা ও পৌরসভা এলাকার ম্যানেজার অরুণ দাশ (২২) এর কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরাফাত সিদ্দিকী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।




