দি ক্রাইম ডেস্ক: চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদের বিরুদ্ধে দোহাজারীবাসীকে ‘ষড়যন্ত্রকারী’ আখ্যা দেওয়ার অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী এলাকায় শত শত মানুষ এ কর্মসূচিতে অংশ নেন। এসময় দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশ শেষ হলে যান চলাচল স্বাভাবিক হয়।
এ সময় ‘এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি?’ বিভিন্ন রকম স্লোগান দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সাতকানিয়ার পুরানগড় শরফুদ্দিন উচ্চ বিদ্যালয়ের একটি সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ। প্রস্তাবিত ‘উত্তর সাতকানিয়া’ উপজেলা গঠনের বিরোধিতার প্রসঙ্গ তুলে তিনি দোহাজারীর অবস্থানকে ইঙ্গিত করে সংশ্লিষ্টদের ‘ষড়যন্ত্রকারী’ বলেছেন বলে অভিযোগ ওঠে। একই বক্তব্যে তিনি উত্তর সাতকানিয়াবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সংসদ সদস্যের ওই বক্তব্যের ভিডিও ও এ-সংক্রান্ত খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দোহাজারীতে ক্ষোভের সৃষ্টি হয়। এর জেরে মঙ্গলবার রাতে স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল বের করেন।
মিছিলটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী সদর ও হাসপাতাল এলাকা প্রদক্ষিণ করে। পরে দোহাজারী মোড়ে সংক্ষিপ্ত পথসভার মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
সাংবাদিক আরজু বলেন, দোহাজারী দক্ষিণ চট্টগ্রামের একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ জনপদ। এ এলাকার মানুষকে ‘ষড়যন্ত্রকারী’ আখ্যা দেওয়া অপমানজনক। সংসদ সদস্যের এমন বক্তব্যে স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ দোহাজারী বাসী।
এদিকে সমাবেশ থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বক্তব্য প্রত্যাহার করে দোহাজারীবাসীর কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে ক্ষমা না চাইলে লাগাতার কর্মসূচির মাধ্যমে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা।
তবে এ বিষয়ে সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদের মুঠোফোনে যোগাযোগ করা হলেও বক্তব্য পাওয়া যায়নি।




