নিজস্ব প্রতিবেদক: রাজধানীর জুরাইন কবরস্থানে দাফন করা হবে বিএনপির নেতা ও ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদকে। বুধবার (১৪ অক্টোবর) রাজধানীতে কয়েক দফায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার পর তাকে দাফন করা হবে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, বুধবার বেলা ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর দুপুর ১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দ্বিতীয় জানাজা এবং বেলা ৩টায় শ্যামপুরের লাল মসজিদে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
এর আগে মঙ্গলবার রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সালাহউদ্দিন আহমেদ। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
সালাহউদ্দিন আহমেদ বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ছিলেন। রাজধানীর শ্যামপুর ও কদমতলী এলাকায় তিনি দলটির একজন পরিচিত ও প্রভাবশালী নেতা হিসেবে পরিচিতি লাভ করেন। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বাণিজ্যবিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
জাতীয় সংসদ নির্বাচনের ইতিহাসে ঢাকা-৪ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে ১৯৯১ সালের পঞ্চম, ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ষষ্ঠ এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন সালাহউদ্দিন আহমেদ।
২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৫ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান মোল্লার কাছে পরাজিত হন। পরবর্তীতে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় ঢাকা-৪ আসনে বিএনপির মনোনয়ন পান তিনি। ওই নির্বাচনে প্রচারণার সময় তার গাড়িবহরে হামলার ঘটনাও আলোচনায় আসে।
তার মৃত্যুতে বিএনপির রাজনীতিতে শোকের ছায়া নেমে এসেছে।



