চন্দনাইশ প্রতিনিধি: চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার স্টেশন রোডস্থ দুবাই বেকার্স নামক কনফেকশনারীর দোকান থেকে কার্টুন ভর্তি বিদেশি মদসহ একজনকে আটক করেছে চন্দনাইশ থানা পুলিশ। আটককৃত ব্যক্তির নাম মো. ঈসমাইল হোসেন (৬০)। ঈসমাইল দোহাজারী পৌরসভার ৭ নং ওয়ার্ড মৃত সিরাজুল ইসলামের পুত্র। বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ঈসমাইলের ব্যবসা প্রতিষ্ঠান তল্লাশি করে আগরবার্তির প্যাকেট ও বিস্কিটের কাটুন ভর্তি মদের বোতলগুলো উদ্ধার করা হয়।
এ বিষয়ে চন্দনাইশ থানার পুলিশের উপপরিদর্শক প্রবীন দেব বলেন, বিক্রির উদ্দেশ্যে ২ কাটুন বিদেশী মদ মজুদ করার সংবাদ পেয়ে ঈসমাইল হোসেনের দুবাই বেকার্সের প্রতিষ্ঠানে হানা দেয় তার সঙ্গীয় ফোর্স। নিজেকে ঈমানদার ব্যবসায়ি দাবী করে পুলিশকে বোকা বানানোর চেষ্টা করেন তিনি। পুলিশের নিকট দীর্ঘ দিন যাবৎ ব্যবসা করে আসছিলেন এমন তথ্য থাকায় চ্যালেঞ্জের মুখে দোকান তল্লাশী করতে গিয়ে এসব মদের বোতল বেড়িয়ে আসে। পরে আটককৃত ব্যক্তি দোষ স্বীকার করায় থানায় নিয়ে আসেন তারা। মদের বোতলগুলো কার কাছ থেকে আনেন এবং কাদের নিকট বিক্রি করেন এসব জিজ্ঞাসাবাদ করে থানা পুলিশ মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করবেন বলে জানান তিনি।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ ওবায়দুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন।




