ঢাকা ব্যুরো: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আজ ফরিদপুরে নির্বাচনী জনসভায় যোগ দিতে ফরিদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তার আগমনকে কেন্দ্র করে জেলার দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। ইতোমধ্যে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠের সভামঞ্চসহ সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এখানে তিনি আজ মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেল ৩টার দিকে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন।
ফরিদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অমিতাভ বোস বিষয়টি নিশ্চিত করেছেন।
অমিতাভ বোস বলেন, প্রধানমন্ত্রী তো আমাদের লোক। ফরিদপুর তার জেলা। তিনি তার জেলায় আসবেন এটি আমাদের জন্য বিরাট পাওয়া। ওনার কাছে আমাদের উন্নয়নের জন্য কিছু চাইতে হয় না। নেত্রী ভালো করেই জানেন ফরিদপুরকে কী দিতে হবে। আমরা তার জয়ের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। তিনি আবারও প্রধানমন্ত্রী হলে এ অঞ্চলে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হবে।
তিনি বলেন, নেত্রীর জনসভা উপলক্ষ্যে মাঠে ৫০ হাজার লোকসহ সড়ক এবং আশপাশের এলাকায় মোট এক লাখ লোকের সমাগমের আশা করছে জেলা আওয়ামী লীগ।
জেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, আজকের এ জনসভায় সভাপতিত্ব করবেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদপুর -৩ (সদর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম হক। এ ছাড়া ফরিদপুর-১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালি) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুর রহমান, ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) আসনের আওয়ামী লীগ প্রার্থী শাহদাব আকবর ও ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের আওয়ামী লীগ প্রার্থী ও আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কাজী জাফরউল্যাহ উপস্থিত থাকবেন।




