বিনোদন ডেস্ক: একসঙ্গে অভিনয় করতে গিয়ে তারকা জুটিদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠার খবর নতুন নয়। তবে এ নিয়ে গুজবেরও শেষ নেই। সম্প্রতি টেলিভিশন পাড়ায় চাউর হয়েছে, তরুণ জুটি খায়রুল বাসার ও সাদিয়া আয়মানের প্রেম চলছে। শুটিংয়ের বাইরেও নাকি তাঁদের একসঙ্গে দেখা যাচ্ছে। এ খবর এই জুটির কাছেও পৌঁছেছে। এ নিয়ে মুখে খুললেন তরুণ অভিনেতা খায়রুল বাসার। প্রেম নাকি গুঞ্জন, শুনুন তার মুখেই।
ভক্তদের কাছে খায়রুল বাসার দিন দিন আরও আগ্রহের নাম হয়ে উঠছে। সে কথাই বলে এবারের ঈদের নাটক ‘সুখ অসুখ’, ‘আজ আকাশে চাঁদ নেই’, ‘বৃষ্টির অপেক্ষায়’, ‘প্রিয় লাইলী’ ও ‘সাদা পায়রা’। এই পাঁচ নাটকের চারটিতেই তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন তরুণ অভিনেত্রী সাদিয়া আয়মান। সব কটি গল্পই প্রেম নিয়ে। গুঞ্জনের শুরু এখান থেকে।
এ কাজগুলো নিয়ে বাসার বলেন, ‘এবার ঈদে সবচেয়ে বেশি রোমান্টিক নাটকে কাজ করেছি। ঈদের অনেক আগে থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম, এবার সিরিয়াস চরিত্র কম করব।
অভিনীত কাজগুলোতে কখনো শহরে প্রেম করি, কখনো গ্রামে; চরিত্রের ভ্যারিয়েশন রয়েছে। আমার সহ–অভিনয়শিল্পী সাদিয়া আয়মান। নাটকে আমাদের জুটি নিয়েও দর্শক কথা বলছেন। পরিচালকেরা এখন শুধু রোমান্টিক চরিত্রের গল্প নিয়ে আসছেন।’
আপনার সঙ্গে সাদিয়া আয়মানের জুটি দর্শক পছন্দ করেছেন। কিন্তু শোনা যাচ্ছে, পর্দার বাইরেও আপনাদের প্রেমের সম্পর্ক রয়েছে।
এটা নিয়ে কী বলবেন—এমন প্রশ্নে খায়রুল বাসার বলেন, ‘এটা আমিও শুনেছি। বাইরে থেকে অনেকেই অনেক কথা বলেন। এটা আমি এনজয় করি। থ্রিলিং মনে হয়। একসঙ্গে বেশি কাজ হলেই কি প্রেম হয়? এমন গুঞ্জন নতুন নয়। আমরা একসঙ্গে বেশি কাজ করি। এর কারণ আমাদের সময় মিলে যাচ্ছে, আবার আমরা সময় মিলিয়ে নিচ্ছি। আবার প্রযোজকেরা দেখছেন আমাদের একসঙ্গে অভিনীত কাজগুলো দর্শক পছন্দ করছেন। তখন অন্যরাও আমাদের একসঙ্গে কাস্টিং করছেন। গল্প পছন্দ হচ্ছে। দুজনই ওকে বলছি। যার ফলে বেশি কাজ হচ্ছে, এই যা।’
আরও পড়ুন
খায়রুল বাসার এ সময় আরও বলেন, ‘আমরা একসঙ্গে কাজ করতে গিয়ে যেটা হয়েছে, আমাদের সিংকটা জমে গেছে। হয়তো আমরা গল্প নিয়ে শুটিংয়ে আড্ডা দিচ্ছি, কথা বলছি, হাসাহাসি করছি, এগুলো দেখে অন্যরা মনে করছে, প্রেম করছে। সবচেয়ে বড় কথা, আমাদের নিয়ে গল্পের প্রকাশভঙ্গি দর্শকদের ভালো লাগছে। জুটি হিসেবে দর্শকেরা আমাদের স্বীকৃতি দিয়েছেন। দর্শকেরা আমাদের কেমিস্ট্রি নিয়ে কথা বলেন, ভালো লাগে। কিন্তু এটা প্রেম বা রিলেশন এমন কিছু নয়।’




