দি ক্রাইম ডেস্ক: প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার বক্তব্য প্রচারের বিষয়ে আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কিছু গণমাধ্যম তা অনুসরণ করছে না। বিষয়টি নিয়ে সরকার সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে আনুষ্ঠানিকভাবে স্মরণ করিয়ে দেবে বলেও জানান তিনি।
মঙ্গলবার (৩০ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনার বক্তব্য প্রচারের ওপর আদালতের স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। এরপরও কিছু গণমাধ্যম তা প্রচার করছে, যা আদালতের নির্দেশনা অমান্যের শামিল। প্রাথমিকভাবে সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে এ বিষয়ে সতর্ক করা হবে এবং আনুষ্ঠানিকভাবেও তাদের জানানো হবে।
তিনি বলেন, সরকার এ মুহূর্তে কঠোর কোনো অবস্থান নিচ্ছে না। তবে গণমাধ্যম আইন ও আদালতের নির্দেশনার প্রতি শ্রদ্ধাশীল থাকবে। এমন প্রত্যাশা সরকারের রয়েছে।
আগেও এ ধরনের আহ্বান জানানো হলেও তা কার্যকর হয়নি- এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, সরকার আবারো বিষয়টি নিয়ে উদ্যোগ নেবে। প্রয়োজনে ভবিষ্যতে পরিস্থিতি বিবেচনা করে ব্যবস্থা নেওয়ার বিষয়েও ভাবা হতে পারে।
তিনি আরো বলেন, বর্তমান ডিজিটাল যুগে বিদেশি বিভিন্ন গণমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষ সহজেই নানা বক্তব্য দেখতে ও জানতে পারে। ফলে শুধু দেশীয় গণমাধ্যমে প্রচার বন্ধ রাখলেই তথ্যপ্রবাহ পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব কি না, সে প্রশ্নও রয়েছে।
তবে আদালতের নিষেধাজ্ঞা বহাল থাকা পর্যন্ত শেখ হাসিনার বক্তব্য প্রচার না করাই উচিত বলে মন্তব্য করেন জাহেদ উর রহমান। তিনি বলেন, আদালত নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত এ ধরনের প্রচার থেকে বিরত থাকা দায়িত্বশীলতার পরিচয় হবে এবং দেশের গণমাধ্যম সেই দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।




