বিনোদন ডেস্ক: অভিনেত্রী নুসরাত ফারিয়া দুই বাংলাতেই তুমুল জনপ্রিয়। সম্প্রতি ‘সুড়ঙ্গ’ সিনেমার আইটেম গানে ফারিয়া ঝড় তুলেছেন। এদিকে ২৭ জুলাই মুক্তি পেতে যাচ্ছে চরকি এক্সক্লুসিভ সিনেমা ‘পাতালঘর’। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো ওটিটি তে দেখা যাবে নুসরাত ফারিয়াকে। সিনেমাটির পরিচালনা ও চিত্রনাট্যের কাজ করেছেন নির্মাতা নূর ইমরান মিঠু।
সিনেমাটি নিয়ে নুসরাত ফারিয়া জানিয়েছেন, ‘এমন সিনেমা আমি আগে কখনো করিনি। তাই কাজটার জন্য খুবই উৎসুক ছিলাম। স্ক্রিপ্ট দেখেই কাজ করার জন্য প্রেমে পরে যাই৷ মিমি আপাসহ সহ-শিল্পী সবাই খুবই দারুণ ছিলেন। যারা আমাকে বেশ আপন করে নিয়ে কাজটি করেছেন। আমি তাদের সঙ্গে আরও কাজ করতে চাই।‘
তিনি আরও বলেন, ‘কোভিডের সময় আমরা এই সিনেমার শ্যুট করেছিলাম। এখন রিলিজ হচ্ছে। আশা করি, দারুণ কিছু দেখবে দর্শকরা। আর এই বছরটা আমার জন্য বেশ ভালো কারণ এটি বছরের ৬ষ্ঠ কন্টেন্ট ও ৩য় সিনেমা রিলিজ হচ্ছে আমার।‘
ফারিয়ার সাথে এই সিনেমায় দেখা যাবে আফসানা মিমি, মামুনুর রশীদ, নাসির উদ্দিন খান, রওনক হাসান, দীপান্বিতা মার্টিন, নাজিয়া হক অর্ষা, সালাউদ্দিন লাভলু, মৌটুসি বিশ্বাস, এরফান মৃধা শিবলু, মামুনুল হক, হাসনাত রিপনসহ আরও অনেককেই।




