জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১৯৫ সদস্যের একটি পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটি প্রকাশ করা হয়েছে। শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এই নতুন কমিটির তালিকা দেওয়া হয়। নতুন এই কমিটিতে নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আবদুল্লাহকে পদোন্নতি দিয়ে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। একই সঙ্গে সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে পদোন্নতি দিয়ে জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
দলটির সাংগঠনিক কাঠামোতে বড় ধরনের পরিবর্তনের মাধ্যমে সাতটি পদ বিলুপ্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে মুখ্য সমন্বয়ক, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, মুখপাত্র, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক, সংগঠক এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক পদ। আগের কমিটিতে মুখ্য সমন্বয়ক ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক পদে সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক পদে হাসনাত আবদুল্লাহ, মুখপাত্র পদে আসিফ মাহমুদ এবং জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক পদে আবদুল হান্নান মাসউদ দায়িত্ব পালন করেছেন। এছাড়া আগের কমিটিতে উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের সংগঠক পদে ৪২ জন এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক পদে ২৩ জন দায়িত্বপালন করেছেন।
কমিটি পুনর্গঠনের ক্ষেত্রে সংশ্লিষ্ট নেতাদের দক্ষতা বা পারফরম্যান্সকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে দলটির দায়িত্বশীল নেতারা জানিয়েছেন। আগের কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব এবং জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ নতুন কমিটিতে যুগ্ম আহ্বায়ক হয়েছেন। জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব নাহিদা সারোয়ার নিভা এখন যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। নতুন কমিটিতে ২৪ জনকে যুগ্ম আহ্বায়ক ও ছয়জনকে যুগ্ম সদস্যসচিব করা হয়েছে।
নতুন কমিটিতে যুক্ত হয়েছেন অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হকের নাতনি এ কে ফ্লোরা এবং বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার, যারা যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন। এছাড়া জাতীয় পার্টির সাবেক উপদেষ্টা তারেক এ আদেলকেও কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। আগের কমিটিতে কোনো সম্পাদকীয় পদ না থাকলেও পুনর্গঠিত কমিটিতে ৩২টি সম্পাদকীয় পদে ৩২ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে, যাদের সঙ্গে এক-দুজন করে সহসম্পাদক রয়েছেন। এর বাইরেও কমিটিতে ১৯ জন সহসম্পাদক, ৫৮ জন সদস্য এবং ১১ জন সাংগঠনিক সম্পাদক রয়েছেন।
২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি ২১৭ সদস্যের কমিটি নিয়ে যাত্রা শুরু করেছিল এনসিপি। পুনর্গঠিত কমিটিতে শীর্ষ ছয়ে এনসিপির আটজন সংসদ সদস্যের মধ্যে তিনজন রয়েছেন। তাঁরা হলেন আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। দলের অন্য পাঁচ সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন, আতিকুর রহমান মোজাহিদ, আবদুল হান্নান মাসউদ, মাহমুদা আলম মিতু ও নুসরাত তাবাসসুম কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন। এনসিপির আগের কমিটির ১১টি শীর্ষ পদ ‘সুপার ইলেভেন’ হিসেবে পরিচিত ছিল, যা এখন ‘সুপার সিক্সে’ রূপ নিয়েছে। তবে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের ১৬ জন সদস্যকে ‘সুপার সিক্সটিন’ বলা হচ্ছে। এই পর্ষদে শীর্ষ ছয় নেতা ছাড়াও আবদুল্লাহ আল আমিন, আরিফুল ইসলাম আদীব, আতিকুর রহমান মোজাহিদ, আবদুল হান্নান মাসউদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন, সালেহউদ্দিন সিফাত, মাহমুদা আলম মিতু ও নুসরাত তাবাসসুম রয়েছেন।




