নুরুল ইসলাম : দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের মনুফকিরহাট ও কুমিরাঘোনা বাজারে তান্ডব চালিয়েছে অবৈধ অস্ত্রধারী সংঘবদ্ধ একটি দল।আজ বুধবার(০২ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ১৫ জনের অস্ত্রধারী দল এ তান্ডব চালায় বলে জানা গেছে।
অবৈধ অস্ত্রধারীরা প্রথমে মনুফকিরহাটে হানা দেয়। এ হাটে পাহারাদারদের জিম্মি ও মারধর করে তাদের কাছে যা ছিল ছিনিয়ে নেয়। ভেঙ্গে ফেলা হয় মনুফকিরহাটে স্থাপিত সিসি ক্যামেরাগুলো।
স্থানীয় সূত্রমতে, এ হাটে অন্তত ৩৫টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। এসময় ফজরের নামাজের জন্য বের হওয়া কয়েকজন দোকানদার ও পথিকদের মারধর করে ছিনিয়ে নেয় তাদের কাছে যা ছিল। পরে অস্ত্রধারীরা একইভাবে তান্ডব চালায় মনুফকিরহাট থেকে অন্তত এক কিলোমিটার পশ্চিমে কুমিরাঘোনা বাজারে। এ বাজারে অস্ত্রধারীরা ভেঙ্গে ফেলে স্থাপিত সিসি ক্যামেরাগুলো। কয়েকজনকে মারধর করে ছিনিয়ে নেয় তাদের কাছে থাকা নগদ টাকা। পরে বাজার মসজিদের ভিতর সিসি ক্যামেরা পরিচালনার একটি ল্যাপটপ নিয়ে যায় অস্ত্রধারীরা। মনুফকিরহাট ও কুমিরাঘোনা বাজার সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য জানায়।
সূত্রমতে, অস্ত্রধারীরা তান্ডব চালিয়ে ফেরার পথে কুমিরাঘোনা বাজারের পশ্চিমে গিয়ে কয়েক রাউন্ড ফায়ার করে। অস্ত্রধারীদের তান্ডব ও ফায়ারে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অস্ত্রধারীদের ব্যাপারে এলাকার কেউ সহজে মুখ খুলতে রাজি নয়।
অপর এক এক সূত্রমতে, অস্ত্রধারীরা এলাকায় তৌহিদ বাহিনী নামে খ্যাত। এ বাহিনীর ভয়ে এলাকাবাসী আতঙ্কে দিনাতিপাত করছে। অস্ত্রধারীদের এ তান্ডবের সংবাদ পেয়ে লোহাগাড়া থানাধীন চুনতি পুলিশ ফাঁড়ির কর্মকর্তা সঙ্গীয় ফোর্স নিয়ে মনুফকিরহাট পরিদর্শন করেছেন বলে জানা গেছে। ঘটনার ব্যাপারে দোকানদারসহ প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেছেন এবং জানতে চেয়েছেন নানা বিষয়।




