সাতকানিয়া প্রতিনিধি: ফেসবুক লাইভে আওয়ামী লীগের পক্ষে কথা বলায় এলোপাতাড়ি ছুরিকাঘাত ও মারধরে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া দেলোয়ার হোসেন প্রকাশ বগা হত্যার চাঞ্চল্যকর মামলার চার্জশিটভুক্ত মো. ইলিয়াছ (৩৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছেন থানা পুলিশ।
বৃহস্পতিবার (০৭ মে) রাতে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের পশ্চিম কাঞ্চনা মনু ফকির হাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইলিয়াস উল্লিখিত এলাকার মৃত মোজাফফর আহমদের ছেলে এবং এ মামলার চার্জশিট ভুক্ত ১৫ নম্বর আসামী। দেলোয়ার একজন মৌসুমি ফল ব্যবসায়ী ও আওয়ামী লীগের সমর্থক।
থানা পুলিশ ও আদালতে দাখিলকৃত চার্জশিট সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৮ নভেম্বর সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের দক্ষিণ চরতি আলী চাঁন মিয়ার বাড়ির বাসিন্দা মৃত আহমদ মিয়ার ছেলে দেলোয়ার হোসেন বগাকে মুখোশধারী দুর্বৃত্তরা ঘরের সামনে থেকে অটোরিকসায় তুলে পার্শ্ববর্তী আমিলাইশ ইউনিয়নের সরওয়ার বাজারের পশ্চিম পাশে জালাল আহমদ মেম্বারের বাড়ির পাশে নিয়ে যায়। এসময় ওই দুর্বৃত্তরা দেলোয়ারকে শরীরের বিভিন্ন অংশে এলােপাতাড়ি ছুরিকাঘাত ও মারধর করে গুরুতর আহত করে। যা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। পরে দুর্বৃত্তরা তাকে মৃত ভেবে সড়কে ফেলে কাঞ্চনা ইউনিয়নের দিকে পালিয়ে যায়। পরে এলাকাবাসী ও তার স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল নিয়ে যান। সেখানে আইসিইউ খালি না থাকাই পরে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেও অবস্থার অবনতি হলে ২১ নভেম্বর আবারও দেলোয়ারকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। ২৫ নভেম্বর বিকালে দেলোয়ার চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনার পর থানা পুলিশ দেলোয়ার হত্যা মামলাটি গ্রহণ না করলে নিরুপায় হয়ে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর তার স্ত্রী ইয়াসমিন আক্তার বাদী হয়ে চট্টগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৩২ জনকে এজাহারনামীয় ও ৫-৭ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেন। পরে আদালত মামলাটি চট্টগ্রাম পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করার দায়িত্ব দেন। মামলাটি তদন্ত করে তদন্ত কর্মকর্তা ১৯ জনের বিরুদ্ধে একটি চার্জশিট দেন। এদের মধ্যে গ্রেপ্তার ইলিয়াছ ১৫ নম্বর পলাতক আসামি।
এ ব্যাপারে দেলোয়ার হোসেনের স্ত্রী ও মামলার বাদী ইয়াসমিন আক্তার বলেন, এ ঘটনায় সরাসরি জড়িতদের বিরুদ্ধে পিবিআই চার্জশিট দিয়েছেন। বর্তমানে আসামিরা এলাকায় প্রকাশ্যে ঘুরাফেরা ও অবস্থান করলেও তাদের পুলিশ গ্রেপ্তার করতে পারছে না।
তিনি বলেন, স্বামীকে হারিয়ে আমি সন্তানদের নিয়ে অসহায় হয়ে পড়েছি। পাশাপাশি আমিসহ পুরো পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাহাঙ্গীর আলম দেলোয়ার হত্যাকান্ডে চার্জশিটভুক্ত আসামি মো.ইলিয়াছ গ্রেপ্তারের বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, তাকে শুক্রবার (৮মে) সকালে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।




