বিজন কুমার বিশ্বাস, কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (০১ মে) সকাল সাড়ে ৯টায় চকরিয়া জনতা শপিং সেন্টার চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর বাস টার্মিনালে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক শ্রমিক অংশ নেন, যা পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান উপদেষ্টা আরিফুল কবির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা ছৈয়দ করিম।
উপজেলা সভাপতি শরিফুল আমিনের সভাপতিত্বে এবং পৌর শাখার সভাপতি আরিফুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন পৌর উপদেষ্টা ফখরুল ইসলাম, ছৈয়দ মোহাম্মদ রাসেল, এস এম আলী জিন্নাহ, উপজেলা সাধারণ সম্পাদক এইচ এম রুহুল কাদের এবং পৌর সাধারণ সম্পাদক হাফেজ জুনায়েদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
র্যালি ও সমাবেশে অংশগ্রহণকারী শ্রমিকরা বিভিন্ন দাবি-দাওয়া সম্বলিত স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা। তাদের কণ্ঠে উঠে আসে— “দুনিয়ার শ্রমিক এক হও, লড়াই কর”,“দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ কর”,“মালিক-শ্রমিক দ্বন্দ্ব বন্ধ কর”,“শ্রমিক হত্যার বিচার কর” এবং“পরিবহন সেক্টরে চাঁদাবাজি বন্ধ কর”—এমন নানা জোরালো দাবি।
সমাবেশে বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হলে শুধু প্রতিশ্রুতি নয়, প্রয়োজন কার্যকর উদ্যোগ। তারা নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত, ন্যায্য মজুরি প্রদান এবং শ্রমিকদের জীবনমান উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি উপেক্ষা করা হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।




