বিজন কুমার বিশ্বাস, কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় দুর্বৃত্তদের সন্ত্রাসী হামলায় এডভোকেট মোরশেদুল ইমরান রুবেল নামে এক আইনজীবী গুরুতর আহত হয়েছেন। পরিকল্পিত এ হামলার ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।আজ সোমবার (২৬ মে) সকাল ১০টার দিকে চকরিয়া ম্যাজিস্ট্রেট কোর্ট এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, পূর্বপরিকল্পিতভাবে একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালিয়ে আইনজীবী মোরশেদুল ইমরান রুবেলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। হামলার পর ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
এ ন্যাক্কারজনক হামলার ঘটনায় আইনজীবী মহল, বিভিন্ন সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ভুক্তভোগী পরিবার অভিযোগ করে বলেন, “একজন আইনজীবীর ওপর আদালত এলাকায় এভাবে সন্ত্রাসী হামলা অত্যন্ত উদ্বেগজনক। আমরা দ্রুত বিচার ও জড়িতদের গ্রেপ্তার চাই।”
এদিকে ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।




