বিজন কুমার বিশ্বাস, কক্সবাজার: কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত চত্বরে দু’পক্ষের মধ্যে ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে স্বেচ্ছাসেবক দল নেতা মহিউদ্দিন ও রনিসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জন গুলিবিদ্ধ বলে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে আতঙ্ক ও চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। আজ রোববার (২৪ মে) সকাল ১১টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী মেম্বার তার সহযোগীদের নিয়ে একটি মামলায় হাজিরা দিতে আদালতে আসেন। হাজিরা শেষে আদালত থেকে বের হওয়ার সময় প্রতিপক্ষের লোকজন তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে বলে অভিযোগ ওঠে। এসময় আদালত এলাকায় হঠাৎ গুলির শব্দে আইনজীবী, বিচারপ্রার্থী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেককে প্রাণ বাঁচাতে ছোটাছুটি করতে দেখা যায়।
ঘটনায় গুলিবিদ্ধ হন স্বেচ্ছাসেবক দল নেতা মহিউদ্দিন ও রনি। এছাড়া সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ায় আরও অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে। আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর আদালত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী পুরো আদালত চত্বর ঘিরে রেখেছে এবং জড়িতদের শনাক্তে অভিযান চালানো হচ্ছে।




