বিজন কুমার বিশ্বাস, কক্সবাজার: কক্সবাজারের চকরিয়া পৌরসভার মৌলভীর কুম বাজার এলাকায় মাদকাসক্ত ছেলের হাতে নির্মমভাবে খুন হয়েছেন এক পা-হারা বৃদ্ধ বাবা। আজ শুক্রবার (২২ মে) জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত খলিলুর রহমান (৭৫) একজন প্রতিবন্ধী ব্যক্তি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, জুমার নামাজ শেষে বাড়ির পথে ছিলেন খলিলুর রহমান। এসময় তার ছেলে মোহাম্মদ মিনার (২৮) হঠাৎ ধারালো দা নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলার একপর্যায়ে খলিলুর রহমানের একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হন তিনি। ঘটনাস্থল রক্তে ভেসে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন দ্রুত তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে।
ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা অভিযুক্ত মিনারকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, অভিযুক্ত মিনার দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পরিবারের অন্য সদস্যরা আলাদা বসবাস করতেন।
পরিবারের সদস্যরা জানান, মাদকাসক্ত ছেলের নির্যাতনের কারণে এর আগেও খলিলুর রহমান থানায় অভিযোগ করেছিলেন। সেই মামলায় কয়েক মাস কারাভোগের পর জামিনে মুক্তি পান মিনার। জামিনে বের হয়েই আবারও বাবার ওপর ভয়াবহ হামলা চালিয়ে তাকে হত্যা করে বলে অভিযোগ উঠেছে।
পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় হত্যা মামলার প্রক্রিয়া শুরু হয়েছে।




