দি ক্রাইম ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নামোশংকরবাটি চৌকাপাড়া থেকে মরিয়ম বেগম (৫০) নামে এক গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে চৌকাপাড়ার রুবেলে বাড়ি থেকে মরিয়মের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, কানের স্বর্ণালংকার কেড়ে নিতে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় বাড়ির মালিক রুবেল, তার স্ত্রী সুমি ও স্বর্ণালংকার কেনা স্থানীয় স্বর্ণকার দীপককে পুলিশ আটক করেছে।
নিহত মরিয়ম বেগম নামোশংকরবাটি উজ্জ্বলপাড়ার আবুল কালামের স্ত্রী। তিনি বিভিন্ন বাসায় গিয়ে ছাত্রছাত্রীদের প্রাইভেট পড়িয়ে জীবিকা নির্বাহ করতেন। পুলিশ ও স্থানীয়রা জানান, মরিয়ম গত সোমবার সকালে রুবেলের মেয়েকে প্রাইভেট পড়ানোর জন্য তাদের বাসায় যান। এরপর তিনি আর নিজ বাসায় ফিরে আসেননি।
দীর্ঘ সময় পার হলেও বাড়ি না ফেরায় পরিবারের লোকজন ও আত্মীয়স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন এবং ঐ রাতেই চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় সাধারণ ডায়ারি করা হয়। পরে পুলিশ জাতীয় জরুরি সেবা নম্বরে ফোন পেয়ে মঙ্গলবার সকালে রুবেলের বাড়ি থেকে বস্তাবন্দি অবস্থায় তার লাশ উদ্ধার করে।
নিহত মরিয়মের স্বামী মোসাদ্দেক হোসেন ওরফে আবুল কালাম জানান, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মোবাইলে তার স্ত্রীর সঙ্গে শেষ কথা হয়েছিল। বাড়ি এসে রান্না করবে বলেছিল। কিন্তু আর ফিরে আসেনি।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, সুমি ও রুবেলকে প্রাথমিক জিজ্ঞেসাবদে পাওয়া তথ্য অনুযায়ী ধারণা করা হচ্ছে কানের দুলের কারণে তাকে হত্যা করা হয়েছে। সোমবার সুমি স্থানীয় এক স্বর্ণকারের কাছে দুটি কানের দুল বিক্রি করেছেন। নিহতের মাথায় ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে। কানের দুলগুলোও ছিঁড়ে নেওয়া হয়েছে।




