নগর প্রতিবেদক: প্রধানমন্ত্রীর “রংধনু জাতি” গঠনের যে প্রত্যয়, এই আয়োজন তারই বাস্তব প্রতিফলন। যার মাধ্যমে সমাজের সকল স্তরে, ধর্ম, বর্ণ ও গোত্রের মানুষকে একত্রিত করে একটি সম্প্রীতিময় পরিবেশ সৃষ্টি করা হয়েছে। আজ মঙ্গলবার(১৪ এপ্রিল) “বাংলা নববর্ষ ১৪৩৩” উদযাপন উপলক্ষে নগরীর ঐতিহাসিক ডিসি হিল প্রাঙ্গণে বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এসব কথা বলেন।
মন্ত্রী তাঁর বক্তব্যে চট্টগ্রামবাসীকে বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং এ আয়োজনের জন্য চট্টগ্রাম জেলা প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, এই ধরনের আয়োজন শুধু আনুষ্ঠানিকতা নয় , বরং আন্তরিকতা ও সম্মিলিত প্রচেষ্টার ফলেই তা সফল ও প্রাণবন্ত হয়ে ওঠে। তিনি আয়োজকদের ভূয়সী প্রশংসা করে বলেন, মঞ্চে ও মঞ্চের বাইরে সকলের সম্মিলিত প্রচেষ্টায় দীর্ঘদিন পর চট্টগ্রামে এমন একটি অনন্য সুন্দর সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হচ্ছে।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন চট্টগ্রাম ০৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন , চট্টগ্রাম পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী।
উক্ত অনুষ্ঠানে প্রিন্ট, ইলেকট্রিক মিডিয়াসহ বিভিন্ন পর্যায়ের সরকারি বেসরকারি কর্মকর্তা,কর্মচারী ও জেলার সকল শ্রেণীর জনসাধারণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, চট্টগ্রামে এই আয়োজনের সূচনা হয় সকাল ৮টায় বৈশাখী শোভাযাত্রার মাধ্যমে, যা নগরীর সার্কিট হাউস সংলগ্ন কাজীর দেউড়ি মোড় থেকে শুরু হয়ে ঐতিহ্যবাহী ডিসি হিল প্রাঙ্গণে গিয়ে সমবেত হয়। দিনব্যাপী জেলায় নানা সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এর মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, পুঁথিপাঠ,কবিতা আবৃতি, নৃত্য পরিবেশনা এবং সংগীতানুষ্ঠান। এসব আয়োজনের মধ্য দিয়ে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনা তুলে ধরা হয়।
পরবর্তীতে মন্ত্রী চট্টগ্রামের সিআরবির শিরিষতলা কর্তৃক বাংলা নববর্ষ বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। এরপর তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কতৃক আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন এবং পরবর্তীতে চট্টগ্রামের জোবরা গ্রামে বৌদ্ধ পল্লী আয়োজিত বাংলা নববর্ষ বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।




