দি ক্রাইম ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারীতে জমি দখল ও মারধরের অভিযোগে করা একটি মামলায় জামিন পেয়েছেন সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাখাওয়াত হোসেনের আদালত দীর্ঘ শুনানি শেষে এই আদেশ দেন। তবে তার বিরুদ্ধে আইনজীবী হত্যাসহ আরও একাধিক মামলা থাকায় তিনি এখনই কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না।
আদালত সূত্র জানায়, ২০২৩ সালে চট্টগ্রামের হাটহাজারীর মেখল এলাকায় জমি দখল, ভয়ভীতি প্রদর্শন ও মারধরের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছিল। এই মামলার বাদী সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন।
তদন্ত শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আদালতে প্রতিবেদন জমা দিলে চিন্ময় কৃষ্ণ দাসকে এই মামলায় আসামি করা হয়। গত ৭ এপ্রিল তার আইনজীবীরা এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেছিলেন। আজ সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।
একটি মামলায় জামিন পেলেও চিন্ময় কৃষ্ণের ওপর থাকা অন্য গুরুতর মামলাগুলোর কারণে আইনি জটিলতা কাটছে না। এর মধ্যে সবচেয়ে আলোচিত হচ্ছে আইনজীবী সাইফুল ইসলাম হত্যা মামলা।
আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণের জামিন নামঞ্জুর হওয়ার পর আদালত চত্বরে সংঘর্ষ বাঁধে। সেই ঘটনায় আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ রয়েছে। পুলিশের অভিযোগপত্রে বলা হয়েছে, চিন্ময় কৃষ্ণের উসকানি ও নির্দেশেই এই হত্যাকাণ্ড ঘটেছে। এছাড়া পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা প্রদান, বিচারপ্রার্থীদের ওপর হামলা এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও পাঁচটি মামলা তার বিরুদ্ধে বিচারাধীন রয়েছে।
গত ২৫ আগস্ট আদালত চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ জনের বিরুদ্ধে আইনজীবী হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণ করেছেন। বর্তমানে মামলাটির সাক্ষ্য গ্রহণ চলছে। সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন, অন্য মামলাগুলোতে জামিন না পাওয়া পর্যন্ত তাকে কারাগারেই থাকতে হবে।




