দি ক্রাইম ডেস্ক: কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের যৌথ অভিযানে প্রায় ১১৮ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে টেকনাফ, বাহারছড়া এবং শামলাপুর বাজার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে এই জাল জব্দ করা হয়।
শুক্রবার (৩ এপ্রিল) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
অভিযানে দুটি গুদাম তল্লাশি করে প্রায় ১১৮ কোটি ১০ লাখ টাকা মূল্যের ৬০ লাখ মিটার অবৈধ চরঘেরা জাল, ৪০ লাখ মিটার কারেন্ট জাল এবং ২০টি বেহুন্দি জাল জব্দ করা হয়।
অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানা যায়। জব্দকৃত অবৈধ জালসমূহ টেকনাফ উপজেলা মৎস্য প্রতিনিধির উপস্থিতিতে বিনষ্ট করা হয়।




