ঢাকা অফিস: যত সংকট থাকুক স্বাস্থ্যখাতে কোনো প্রকার অনিয়ম-দুর্নীতি মেনে নেওয়া হবে না। স্বাস্থ্যখাতে নানা সংকট রয়েছে। এগুলো ঠিক করতে সবার সহযোগিতা লাগবে। তবে আমরা কোনো দুর্নীতি মেনে নেব না। তিনি দুর্নীতি রোধে সবার সহযোগিতা কামনা করেন।
আজ রবিবার(২৯ মার্চ) রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ১৭তম এশিয়া ফার্মা এক্সপোর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন এসব কথা বলেন। বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি এ এক্সপোর আয়োজন করে।
স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী বলেন, এটি শুধু প্রদর্শনী নয়, বাংলাদেশে ফার্মেসি খাতকে এগিয়ে নেওয়ার একটি প্রক্রিয়া। বাংলাদেশের ফার্মেসি খাতকে এগিয়ে নিতে ভূমিকা রেখেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বর্তমান সময়ে এখাতকে আরো সমৃদ্ধ করতে ভূমিকা রাখছে উদ্যোক্তারা।
বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সভাপতি এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লি. এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির বলেন, বিশ্বে বাংলাদেশ ৩০০ মিলিয়ন ডলারের ওষুধ রফতানি করছে। ওষুধ উৎপাদনে বিশ্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এপিআই শিল্পে আরো এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমাদের পলিসিগতভাবে এগিয়ে যাওয়া প্রয়োজন। নীতিগত পরিবর্তন হলে এইখাত আরো এগিয়ে যাবে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও চিফ এক্সিকিউটিভ মোহাম্মদ হাসান আরিফ এবং বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোঃ শামীম হায়দার।
এছাড়া, আয়োজকদের পক্ষে বক্তব্য প্রদান করেন জিপিই এক্সপো লি. এর সিইও পারেশ জুরমারভালা এবং বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির মহাসচিব ও ডেলটা ফার্মা লি.-এর ব্যবস্থাপনা পরিচালক ডা. মোঃ জাকির হোসেন।
দেশের ঔষধ শিল্প খাতকে বৈশ্বিক বাজারে আরো শক্তিশালী ও সমৃদ্ধ করতে ২৯ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত ৩ দিনব্যাপী আয়োজিত এ প্রদর্শনীতে ২০টি দেশ থেকে প্রায় ৪০০ প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।




