ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে ১৬ কিলোমিটার খাল খননসহ দুটি বক্স কালভার্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এসব প্রকল্পের উদ্বোধন করেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বেসরকারিভাবে বিজয়ী সংসদ সদস্য সরোয়ার আলমগীর।
উদ্বোধনকালে সরোয়ার আলমগীর বলেন, খাল খনন কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি যুগান্তকারী পদক্ষেপ ছিল, যা কৃষি ও পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তারই ধারাবাহিকতায় তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর সারা দেশে পুনরায় খাল খনন কর্মসূচি শুরু করেছেন। ফটিকছড়িতেও আজ সেই কর্মসূচি শুরু কল্পে কাজের উদ্বোধন করা হলো।
তিনি আরো বলেন, তারেক রহমানের সরকারকে সহযোগিতা করুন। ফটিকছড়িকে সিঙ্গাপুর নয়, একটি সমৃদ্ধিশালী ফটিকছড়ি উপজেলা হিসেবে গড়ে তোলা হবে।
উদ্বোধনকৃত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে – নানুপুর ইউনিয়নে ফটিকছড়ি খাল (১০ কিলোমিটার), দাঁতমারা ইউনিয়নে মরাগজারিয়া ও তারাকো খাল (মোট ৪ কিলোমিটার), ভূজপুর ইউনিয়নে বারোমাসিয়া খাল (২ কিলোমিটার)। এছাড়া পূর্ব হাসনাবাদ গাঙেরকুল ব্রীজ সংলগ্ন সোনার খীল সড়কে দুটি বক্স কালভার্ট নির্মাণ কাজেরও উদ্বোধন করা হয়। এসব প্রকল্প বাস্তবায়নে প্রায় ১ কোটি টাকার বেশি ব্যয় ধরা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম, চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, বিএডিসি’র নির্বাহী প্রকৌশলী মোশাররফ হোসেন ভূঁইয়া, সহকারী প্রকৌশলী তমাল দাস, উপ-সহকারী প্রকৌশলী দীপন চাকমা, শাহজাহান চৌধুরী শিফন চেয়ারম্যান, তৌহিদুল আলম মেম্বার, মো. সাইফুদ্দীন, একরামুল হক, মো. হানজালা, মোজাহারুল ইকবাল লাভলু, মহিন উদ্দিন, মেসিসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও এলাকাবাসীরা।




