পটিয়া থেকে শফিউল আলম: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার বাইপাস রোডের ফারুকীপাড়া এলাকায় বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ৫ জন গুরুতর আহত হয়েছেন।
আজ বিষ্যুদবার (২৫ জুন) দুপুর সাড়ে ১২টার সময় এই দুর্ঘটনা ঘটে। বান্দরবান থেকে চট্টগ্রামগামী পূর্বাণী পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকা থেকে কক্সবাজার গামী একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে যায় এবং গাড়িতে থাকা ৫ যাত্রী মারাত্মক ভাবে আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে পটিয়া হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে পটিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।
আহতরা হলেন- নোয়াখালী সদর উপজেলার মিজানুর রহমান (৩৫), ময়মনসিংহের নান্দাইল উপজেলার রসুলপুর এলাকার মোহাম্মদ মাসুম (২৫), মাদারীপুরের শিবচর উপজেলার লিয়াকত আলী (৩৫), ঢাকার কেরানীগঞ্জের শিরিন আক্তার (২৭) ও ঢাকার শ্যামলী এলাকার আখি আক্তার (৩০)।
পটিয়া হাইওয়ে পুলিশের এস আই ওয়াসিম জানান, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধান করা হচ্ছে। এ ঘটনায় মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিগ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। দুর্ঘটনা কবলিত বাস ও প্রাইভেট কারটি জব্দ করে হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়।




