লালমনিরহাট: দেশের জনগণ উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে বিএনপিকে বিপুলভাবে বিজয়ী করেছে। বিএনপি জনগণের প্রত্যাশা পূরণে শুরুতেই ১৮০ দিনের কর্মসূচি গ্রহণ করেছে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ড, খালখনন ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে। এজন্য তিনি সরকারকে সহযোগিতা করতে সকলের প্রতি আহ্বান জানান।
আজ শুক্রবার(১৩ মার্চ) লালমনিরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকার একটি জনকল্যাণমুখী ও জবাবদিহিমূলক জনপ্রশাসন গড়ে তুলতে চায়। আর তা করতে হলে সরকারি কর্মচারীদের জনবান্ধব, আন্তরিক, সৎ ও নিবেদিত হতে হবে। যেকোনো কাজ একটি লক্ষ্য নিয়ে করতে হবে। সে জন্য যথাসময়ে অফিসে আসা আবশ্যক।
এর আগে মন্ত্রী লালমনিরহাট সদর হাসপাতাল পরিদর্শন করেন এবং শীঘ্রই নবনির্মিত ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল চালু করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।




