দি ক্রাইম ডেস্ক: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলাতে অগ্নিকাণ্ডে তিনটি দরিদ্র পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে তাদের ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার, আসবাবপত্র ও খাদ্যসামগ্রী সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়েছে। ক্ষতিগ্রস্তদের দাবি, এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বড় রায়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো জেলে দাদন বেপারী, তার ছেলে কামাল বেপারী ও ভাতিজা মাসুম বেপারীর পরিবার। আগুনে তাদের তিনটি বসতঘর সম্পূর্ণরূপে পুড়ে যায়।
প্রতিবেশী শামসুল ইসলাম জানান, রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে মসজিদের মাইক থেকে দাদন বেপারীর বাড়িতে আগুন লাগার ঘোষণা দেওয়া হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন ছুটে এসে দেখেন, দাউদাউ করে আগুন জ্বলছে। বাড়িগুলো পাশাপাশি থাকায় মুহূর্তেই আগুন অন্য ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের তাপ এত বেশি ছিল যে কেউ ঘরের কাছে যেতে পারেননি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দাদন বেপারীর স্ত্রী আমেনা বেগম বলেন, রাতে নাতনিকে নিয়ে কোরআন শরিফ পড়ছিলাম। হঠাৎ শুনি আগুন লেগেছে। কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে। ঘরে থাকা গহনা, খাবার, আসবাব, নগদ টাকা—সব পুড়ে গেছে। পরনের কাপড় ছাড়া আর কিছুই রইল না।
তিনি জানান, তার স্বামী, ছেলে ও ভাতিজা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। দীর্ঘদিনের সঞ্চয়ে কেনা স্বর্ণালঙ্কারও আগুনে নষ্ট হয়ে গেছে।
গজারিয়া ফায়ার সার্ভিস–এর স্টেশন অফিসার ফিরোজ মিয়া বলেন, খবর পেয়ে দ্রুত দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। আগুনের উৎস নির্ধারণে তদন্ত চলছে। প্রাথমিকভাবে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সরকারি বিধি অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা দেওয়া হবে।




