কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় নিখোঁজ হওয়ার একদিন পর ফরিদ নামে এক যুবককে বস্তাবন্দী অবস্থায় জীবিত উদ্ধার করা হয়েছে। বর্তমানে তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্র জানায়, বুধবার (২৫ ফেব্রুয়ারি) থেকে নিখোঁজ ছিলেন ফরিদ। পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।
আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে চকরিয়া উপজেলার চিরিংগা এলাকার মাতামুহুরী সেতুর নিচে সন্দেহজনক একটি বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয়দের নজরে আসে। পরে বস্তার ভেতর থেকে ফরিদকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।
উদ্ধারের পর তাৎক্ষণিকভাবে তাকে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয় এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ট্রমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং তিনি মানসিকভাবে চরম আতঙ্কে রয়েছেন।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ধারণা করছেন, তাকে অপহরণ করে হত্যার উদ্দেশ্যে বস্তাবন্দী করে ফেলে রাখা হয়েছিল। তবে কী কারণে এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা এখনও নিশ্চিত নয়।
আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে। পরিবারের পক্ষ থেকে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
এ ঘটনার পর চকরিয়াজুড়ে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত রহস্য উদ্ঘাটন করে অপরাধীদের আইনের আওতায় আনতে হবে।




