কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের সেন্ট মার্টিন সংলগ্ন সমুদ্র এলাকায় গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিমেন্ট ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ঘটনায় দু’টি ফিশিং বোটসহ ১৯ জন পাচারকারীকে আটক করা হয়েছে।আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) কোস্ট গার্ড চোরাচালানী পণ্যসহ পাচারকারীদের গ্রেফতার করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।
কোস্ট গার্ড জানান, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে ছেড়াদ্বীপ-এর দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে সন্দেহভাজন দু’টি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমার-এ পাচারের উদ্দেশ্যে বহনকৃত বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করা হয়।
জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে,১,১৪০ বস্তা সিমেন্ট, ৫ বস্তা রসুন, ৫০ বস্তা ছোলা, ২০ বস্তা আলু, ৭,০৮০ পিস ‘রয়েল টাইগার’ এনার্জি ড্রিংকস।
কোস্ট গার্ড জানায়, উদ্ধার হওয়া মালামাল ও আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাচারচক্রের সঙ্গে জড়িত আরও ব্যক্তিদের বিষয়ে তথ্য পাওয়ার চেষ্টা চলছে।
সীমান্তবর্তী সমুদ্রপথে অবৈধ বাণিজ্য ও চোরাচালান রোধে কোস্ট গার্ডের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।
স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে উপকূলীয় এলাকায় চোরাচালান তৎপরতা বেড়ে যাওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদার করা জরুরি হয়ে পড়েছে।




