সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া: সাতকানিয়ায় ট্রাক চাপায় খোরশেদ রাব্বি (২৫) নামে এক কলেজ ছাত্র ঘটনাস্থলে নিহত হয়েছেন। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেঁওচিয়া ইউনিয়নের আঁধার মানিক দরগাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত খোরশেদ শেরপুরের নালিতাবাড়ি শহরের নিলামপট্টি মহল্লায়। তিনি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফজলুর রহমানের ছেলে। এ ছাড়াও তিনি আনন্দমোহন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সম্মান চতুর্থ বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।
জানা যায়, খোরশেদ রাব্বিসহ চার বন্ধু মিলে মঙ্গলবার রাতে একটি মাইক্রোবাসযোগে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হন। ভোরের দিকে তারা সাতকানিয়ার আঁধার মানিক দরগাহ এলাকায় মহাসড়কের পাশে গাড়ি দাঁড় করান। এ সময় রাব্বি সামনের সিট থেকে পেছনের সিটে বসার জন্য গাড়ি থেকে নেমে এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার সময় পেছন থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক রাব্বিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক রুহুল আমিন বলেন, নিহত যুবককে চাপা দিয়ে অজ্ঞাত ট্রাকটি দ্রুতগতিতে পালিয়ে যায়। একপর্যায়ে আমরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।




