আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারায় অটোরিকশাচালকের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে আটক করেছে স্থানীয় জনতা। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ১১ নম্বর জুঁইদন্ডী ইউনিয়নের গোদারপাড় এলাকায় ঘটনা ঘটে।
আটকরা হলো, মো. সেলিম (৩০), মো. হৃদয় (২৮) ও মো. সাজ্জাদ (২৫)। আটক ব্যক্তিরা সবাই আনোয়ারা উপজেলার বরুমছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
ভুক্তভোগী অটোরিকশাচালক হলেন, বারশত ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের পুরাতন মাদ্রাসা এলাকার মনির আহমদের ছেলে মো. ইলিয়াছ।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানায় অটোরিকশাচালক মো. ইলিয়াস (৩০) বটতলী এলাকা থেকে গোদারপাড় এলাকায় পৌঁছালে যাত্রীবেশী তিন ছিনতাইকারী তাকে লক্ষ্য করে চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়। এ সময় ছুরিকাঘাত করে তার কাছ থেকে অটোরিকশাটিসহ একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা। আহত অবস্থায় ইলিয়াস চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে আসে।
পরে স্থানীয়দের সহযোগিতায় একটি সিএনজি অটোরিকশা নিয়ে ছিনতাইকারীদের প্রায় ৭ কিলোমিটার ধাওয়া করা হয়। জুইদন্ডী হয়ে রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামে পৌঁছালে জনতা তিনজনকে আটক করতে সক্ষম হয়।
আটকরা স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয় বলে জানায় স্থানীয়রা।স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী নাঈম বলেন, ‘সরেঙ্গা গ্রামে এসে অটোরিকশাটি গর্তে আটকে উল্টে যায়। পেছনে ধাওয়া করে আসা মোটরসাইকেল ও সিএনজিতে থাকা লোকেরা জানায় অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যাওয়া হচ্ছে। পরে তাদের ৪ জনের মধ্যে ৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। অন্যজন পালিয়ে গেছে।
প্রত্যক্ষদর্শী হাসান বলেন, ‘তাদের ধরে গণপিটুনি দিয়ে পুলিশে হাতে তুলে দেয়া হয় ।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে তিন ছিনতাইকারীকে আটক করেছে জনতা। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।




