দি ক্রাইম ডেস্ক: তারেক রহমান-এর নেতৃত্বাধীন নতুন সরকারে দেশের ২৫ জেলা থেকে কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী করা হয়নি। মন্ত্রিসভার তালিকা বিশ্লেষণে দেখা গেছে, বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত নোয়াখালী, বড় জেলা খুলনা এবং আওয়ামী লীগ–অধ্যুষিত কয়েকটি জেলা থেকেও কেউ স্থান পাননি।
কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা, রংপুর, চাঁপাইনবাবগঞ্জ, মেহেরপুর, সাতক্ষীরা ও চুয়াডাঙ্গা—এই ৮ জেলার ৩০টি আসনের একটিতেও জয় পায়নি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ফলে এসব জেলা থেকে কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রী হয়নি।
বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত নোয়াখালী থেকেও এবার কেউ মন্ত্রিসভায় জায়গা পাননি। অথচ অতীতে এ জেলা থেকে মওদুদ আহমদের মতো নেতা মন্ত্রী ছিলেন।
বাংলাদেশ আওয়ামী লীগ-অধ্যুষিত জেলা হিসেবে পরিচিত গোপালগঞ্জ থেকেও কেউ মন্ত্রিসভায় নেই। যদিও এবার এ জেলা থেকে তিনজন সংসদ সদস্য পেয়েছে বিএনপি। একইভাবে মাদারীপুর ও শরীয়তপুর থেকেও কেউ মন্ত্রী হননি।
তবে ফরিদপুর থেকে শামা ওবায়েদ ইসলাম (সাবেক নেতা কে এম ওবায়দুর রহমানের মেয়ে) এবং রাজবাড়ী থেকে আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম প্রতিমন্ত্রী হয়েছেন।
রাজধানী ঢাকা থেকে শেখ রবিউল আলম পূর্ণ মন্ত্রী হয়েছেন এবং চারজন প্রতিমন্ত্রী হয়েছেন। তবে ঢাকার আশপাশের জেলা—মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ ও গাজীপুর—থেকে কেউ মন্ত্রিসভায় জায়গা পাননি।
নারায়ণগঞ্জের পাঁচটির মধ্যে চারটি আসনে বিএনপি জয়ী হলেও মন্ত্রিসভায় স্থান মেলেনি। গাজীপুরের চারটি আসনে বিএনপি জয়ী হলেও সেখান থেকেও কেউ মন্ত্রী হননি।
উত্তরবঙ্গে আধিপত্য
রংপুর বিভাগে বিএনপি তুলনামূলক কম আসন পেলেও মন্ত্রিসভায় এ বিভাগের প্রতিনিধিত্ব বেশি। ঠাকুরগাঁও থেকে পূর্ণ মন্ত্রী হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দিনাজপুর, লালমনিরহাট ও পঞ্চগড় থেকেও মন্ত্রী-প্রতিমন্ত্রী হয়েছেন।
রাজশাহী বিভাগে ৩৯টির মধ্যে ২৮টি আসনে জয় পেয়েছে বিএনপি। সিরাজগঞ্জের ইকবাল হাসান মাহমুদ ও রাজশাহীর মিজানুর রহমান মিনু পূর্ণ মন্ত্রী হয়েছেন। এছাড়া বগুড়া, নাটোর, জয়পুরহাট ও সিরাজগঞ্জ থেকে প্রতিমন্ত্রী হয়েছেন চারজন।
এগিয়ে কুমিল্লা
কুমিল্লার ১১টি আসনের মধ্যে ৮টিতে জয় পেয়েছে বিএনপি। এ জেলা থেকে তিনজন পূর্ণ মন্ত্রী হয়েছেন—মোহাম্মদ আমিন উর রশীদ (টেকনোক্র্যাট), জাকারিয়া তাহের ও শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
চাঁদপুর থেকে আ ন ম এহসানুল হক মিলন পূর্ণ মন্ত্রী এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে জোনায়েদ সাকি প্রতিমন্ত্রী হয়েছেন।




