দি ক্রাইম ডেস্ক: সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের কটকা এলাকায় মাছ ধরতে গিয়ে ট্রলারসহ তিন জেলে অপহরণের শিকার হয়েছেন। অভিযোগ উঠেছে, জলদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনী তাদের তুলে নিয়ে মুক্তিপণ দাবি করেছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
অপহৃত জেলেরা হলেন-পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের রুহিতা এলাকার রাজু (পিতা: আব্দুল মান্নান), মাহবুব হোসেন (পিতা: আব্দুল মালেক) ও রাজন।
জানা যায়, কয়েকদিন আগে পাথরঘাটার মাসুম মিয়ার একটি নামবিহীন ইঞ্জিনচালিত ছোট ট্রলার নিয়ে তিন জেলে সুন্দরবন এলাকায় বেহুন্দি জাল দিয়ে মাছ শিকারে যান। শনিবার দিবাগত রাতে কটকা এলাকায় মাছ ধরার সময় জলদস্যুরা তাদের ট্রলারসহ অপহরণ করে নিয়ে যায়। পরে ট্রলার মালিকের সঙ্গে যোগাযোগ করে মুক্তিপণ দাবি করা হয়।
নির্ধারিত সময়ের মধ্যে মুক্তিপণ পরিশোধ না করায় অপহৃতদের দফায় দফায় মারধর করা হচ্ছে বলেও অভিযোগ করেন গোলাম মোস্তফা চৌধুরী।
তিনি আরও জানান, এর আগে একই জলদস্যু চক্র পাথরঘাটার ফোরকান মাঝি ও সিদ্দিকসহ আট জেলেকে অপহরণ করেছিল। পরে তারা মুক্তিপণ দিয়ে মুক্ত হন।
এ বিষয়ে কোস্টগার্ডের দক্ষিণ জোনের এক মিডিয়া কর্মকর্তা নাম প্রকাশ না করে গণমাধ্যমকে জানান, এ ঘটনায় এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ তাদের কাছে পৌঁছেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।




