দি ক্রাইম ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৯৯ নম্বর রাঙ্গামাটি আসনের নির্বাচনী কার্যক্রম নির্বিঘ্ন করতে দুর্গম পাহাড়ি এলাকায় বিশেষ তৎপরতা শুরু করেছে প্রশাসন। এরই অংশ হিসেবে রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের আরও দুটি দুর্গম ভোটকেন্দ্রে হেলিকপ্টারযোগে নির্বাচনী সরঞ্জাম ও জনবল পৌঁছে দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার হাসনাত জাহান খান।
যেসব কেন্দ্রে সরঞ্জাম পাঠানো হয়েছে, সেগুলো হলো—ফারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তাড়াছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিলাইছড়ি উপজেলায় মোট ১৩টি ভোটকেন্দ্রের মধ্যে ৫টি কেন্দ্র অত্যন্ত দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত। এসব কেন্দ্রে পৌঁছাতে কোনো সড়ক বা নৌপথ নেই। ফলে নির্বাচনী সরঞ্জাম, ভোটগ্রহণ কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যাতায়াতে হেলিকপ্টারের সহায়তা নেওয়া হচ্ছে।
সহকারী রিটার্নিং অফিসার হাসনাত জাহান খান জানান, বিলাইছড়ি জোন থেকে সেনাবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ সহযোগিতায় এই হেলিকপ্টার মিশন পরিচালনা করা হচ্ছে। এর আগে বড়থলি ইউনিয়নের বড়থলি, রাইমংছড়া ও প্রাংজংপাড়া ভোটকেন্দ্রে হেলিকপ্টারযোগে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। বাকি কেন্দ্রগুলোতেও পর্যায়ক্রমে নিরাপত্তা নিশ্চিত করে সরঞ্জাম পৌঁছে দেওয়া হবে।
তিনি আরও জানান, ভোটগ্রহণ শেষে একই পদ্ধতিতে হেলিকপ্টারযোগে নির্বাচনী ফলাফল ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপজেলা সদর এবং সেখান থেকে জেলা সদরে ফিরিয়ে আনা হবে। প্রতিকূল পরিবেশে এই বিশাল নির্বাচন কার্যক্রম সফল করতে প্রশাসন ও নিরাপত্তা বাহিনী নিরলসভাবে কাজ করছে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।




