সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে নাজমুল মোস্তফা আমিনকে বিএনপি’র পক্ষ থেকে মনোনয়ন দেওয়ার বিরোধিতা করে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান চেয়ারম্যানের সমর্থকরা শনিবার (০৬ডিসেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের মিঠার দোকান এলাকায় মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে আগুন লাগিয়ে অবরোধ করে।
অবরোধকারীরা নাজমুল মোস্তফা আমিনের মনোনয়ন বাতিলের দাবিতে নানা ধরনের স্লোগান দিতে থাকে। এ সময় মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে বাসের যাত্রী ও জনসাধারণকে দুর্ভোগ পোহাতে দেখা যায়। আধ ঘণ্টার অধিক সময় পর্যন্ত চলে এ অবরোধ কর্মসূচি। পুলিশ আসলে অবরোধকারীরা মহাসড়ক ছেড়ে চলে যায়। পরে পুলিশ মহাসড়ক থেকে গাছের গুড়িগুলো সরিয়ে ফেললে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
এ ব্যাপারে সাতকানিয়া উপজেলা যুবদল কর্মী দেলোয়ার হোসেন ও মো.আরিফ বলেন, আমাদের মুজিব ভাই বিএনপির একজন পরীক্ষিত লোক। তিনি দলের দু:সময়ে রাজপথে থেকে ভূমিকা পালন করেছে। আর নাজমুল মোস্তফা আমিনকে এলাকায় তেমন কেউ চিনেনা। তাই আমরা আমিনের মনোনয়ন বাতিল করে দলের ও কর্মীদের সাথে যিনি সুখে-দুঃখে পাশে ছিলেন সেই মুজিব ভাইকে মনোনয়ন দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা আশা করি দলের হাই কমান্ড বিষয়টি বিবেচনা করে আমিনকে বাদ দিয়ে মুজিব ভাইকে সংসদ সদস্য হিসেবে মনোনয়ন দিবেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার (০৪ডিসেম্বর) সন্ধ্যার দিকে নাজমুল মোস্তফা আমিনকে দল থেকে মনোনয়ন দিলে মুজিবুর রহমান চেয়ারম্যানের সমর্থকরা মহাসড়কের ঠাকুরদিঘীর পাড় নামক এলাকায় মহাসড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ করে।
দোহাজারী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী বলেন, বিএনপির লোকেরা মহাসড়ক অবরোধ করেছে শুনে আমরা (পুলিশ) গিয়ে মহাসড়ক থেকে অবরোধ সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। আধ ঘণ্টার মত অবরোধ ছিল। তবে, কোন যান-মালের ক্ষতি হয়নি।




