নগর প্রতিবেদক: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ১৫টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পদে একযোগে রদবদল করা হয়েছে। তবে এসব বদলির মধ্যেও একমাত্র ইপিজেড থানায় নতুন কোনো ওসি পদায়ন করা হয়নি।এছাড়া চকবাজার থানার ওসি মো. শফিকুল ইসলামকে সরিয়ে সিটিএসবিতে এ পুলিশ পরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে।আজ শনিবার (০৬ ডিসেম্বর) সিএমপি কমিশনার হাসিব আজিজের স্বাক্ষরিত এক আদেশে এই বদলি ও পদায়ন কার্যকর হয়।
এদিকে পৃথক আদেশে সিএমপি মহানগর গোয়েন্দা দক্ষিণ জোনের উপ পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে পদায়ন করা হয় শেখ শরীফুল ইসলামকে। তিনি অতিরিক্ত ডিআইজি হিসেবে সদ্য পদোন্নতিপ্রাপ্ত।
সূত্রটি জানিয়েছে, গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র উপদেষ্টার উপস্থিতিতে লটারির মাধ্যমে সিএমপির ১৫ থানার ওসি পদে এই রদবদল সম্পন্ন হয়। পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) থেকে একজন নতুন পরিদর্শককে সিএমপিতে পদায়নের সম্ভাবনাও রয়েছে।
আদেশ অনুযায়ী,কোতোয়ালী থানার ওসি মো. আব্দুল করিমকে পাঁচলাইশ থানায়, সদরঘাট থানার ওসি মো. আব্দুর রহিমকে বন্দর থানায়, বাকলিয়া থানার ওসি মুহাম্মদ আফতাব উদ্দিনকে কোতোয়ালী থানায়, পাঁচলাইশ থানার ওসি মুহাম্মদ সোলাইমানকে বাকলিয়া থানায়, বায়েজিদ থানার ওসি মো. জসিম উদ্দিনকে চান্দগাঁও থানায়, চান্দগাঁও থানার ওসি জাহেদুল কবিরকে বায়েজিদ থানায়, খুলশী থানার ওসি শাহীনূর আলমকে কর্ণফুলী থানায়, ডবলমুরিং থানার ওসি বাবুল আজাদকে চকবাজার থানায় ও হালিশহর থানার ওসি মোহাম্মদ নুরুল আবছারকে পাহাড়তলী থানায় বদলি করা হয়েছে।
অন্যদিকে, আকবর শাহ থানার ওসি আরিফুর রহমানকে সদরঘাট থানায়, পাহাড়তলী থানার ওসি মোহাম্মদ জামির হোসেন জিয়াকে ডবলমুরিং থানায়, কর্ণফুলী থানার ওসি মো. জাহেদুল ইসলামকে খুলশী থানায়, বন্দর থানার ওসি মোস্তফা আহমেদকে পতেঙ্গা থানায়, পতেঙ্গা থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীনকে হালিশহর থানায়, ইপিজেড থানার ওসি কামরুজ্জামানকে আকবর শাহ থানায় এবং চকবাজার থানার ওসি মো. শফিকুল ইসলামকে সিটিএসবি পুলিশের পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।
ইপিজেড থানার ওসি কামরুজ্জামানকে আকবর শাহ থানায় বদলি করা হয়েছে, তবে এখনো ইপিজেড থানায় নতুন কোনো ওসি পদায়ন করা হয়নি।
সিএমপি জানিয়েছে, শিগগিরই সেখানে নতুন ওসি নিয়োগ দেওয়া হবে।




