কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার জেলার টেকনাফ থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১.০২ কেজি ক্রিস্টাল মেথ সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আব্দুল মোতালেব ও জাফর আলম’কে গ্রেফতার করেছে র্যাব-৭। গতকাল শুক্রবার (১২ জুলাই) টেকনাফ থানাধীন কোয়াইনছড়ি পাড়ার মনু মিয়ার বসতবাড়ীর উত্তর পাশে পাকা রাস্তার উপর হ’তে তাদের গ্রেফতার করা হয়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশিকালে আব্দুল মোতালেব এর ডান হাতে থাকা একটি লাল রঙের পুরাতন শপিং ব্যাগ থেকে তার নিজ হাতে বের করে দেয়া মতে Very good লেখা সাদা রংয়ের পলিপ্যাকের ভিতর ১.০২ কেজি কথিত দানাদার মাদকদ্রব্য আইস (ক্রিস্টাল মেথ) উদ্ধার সহ আসামিদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ সুকৌশলে মাদকদ্রব্য আইস (ক্রিস্টাল মেথ) মিয়ানমারের সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে সংগ্রহ করে পরবর্তীতে দেশের বিভিন্ন মাদক ব্যবসায়ীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে আসছিল। অভিযানের সময়ও তারা মাদকদ্রব্য আইস বিক্রয় করার উদ্দেশ্যে বর্ণিত স্থানে অবস্থান করছিল।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১ কোটি ২ লক্ষ টাকা।
গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদেরকে কক্সবাজার জেলার টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।




